রাজ্য সরকারি কর্মীদের জন্য এল বহু প্রতীক্ষিত সুখবর। দীর্ঘ আইনি লড়াই ও আন্দোলনের পর, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ২৫% মহার্ঘ ভাতা (DA) দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণায় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের মধ্যে খুশির হাওয়া। সরকারের দাবি অনুযায়ী, মার্চ মাসের মধ্যেই এই বকেয়া অর্থ কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে।
সরকারি কর্মীদের বকেয়া DA-র হিসাব করার পদ্ধতি নিচে দেওয়া হলো:
প্রথম ধাপ: নির্দিষ্ট সময়ের প্রতিটি মাসের ‘বেসিক পে’ (মূল বেতন) অর্থাৎ বেসিক পে-এর সাথে গ্রেড পে যোগ করে মোট মূল বেতনটি বের করুন।
দ্বিতীয় ধাপ: আপনার বর্তমান প্রাপ্ত DA-এর শতাংশ এবং পাওয়ার যোগ্য DA-এর শতাংশের পার্থক্য নির্ণয় করুন।
তৃতীয় ধাপ: প্রতি মাসের মূল বেতনের সাথে ওই পার্থক্যের শতাংশ গুণ করে বকেয়ার পরিমাণ বের করুন। এরপর সব মাসের বকেয়া যোগ করুন।
চতুর্থ ধাপ: সেই মোট বকেয়া অর্থের ২৫% হিসেব করলেই আপনি ৩১ মার্চের মধ্যে প্রাপ্য টাকার সঠিক পরিমাণ জানতে পারবেন।
যদিও মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন, তবে সরকারি কর্মীরা এখন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন। সরকারি কর্মীদের মতে, দীর্ঘ আন্দোলনের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। উল্লেখ্য, বকেয়া বাকি ৭৫% মেটানোর বিষয়ে সুপ্রিম কোর্টের গঠিত ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি ইতিমধ্যেই আদালতে রিপোর্ট জমা দিয়েছে।