নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হরিরামপুরের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। সরাসরি ‘মোটা ভাই’ সম্বোধন করে মমতার চ্যালেঞ্জ, “যতই চক্রান্ত করো ভাই, জেনে রেখো, লোকে তোমার মুখ দেখবে আর ভোট কাটবে।” রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু অধিকারীর মনোনয়নে শাহের উপস্থিতিকে বিঁধতেই এই আক্রমণ।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন যে এবারের লড়াই হবে ‘দুর্দান্ত’ এবং ‘দুরন্ত’। তিনি বলেন, “বিজেপিকে শূন্য করে দিন, বাংলাকে পুণ্য করে দিন। বাংলাকে টার্গেট করলে আমরা আগামী দিনে দিল্লিকে টার্গেট করব।” চক্রান্তের রাজনীতির পাল্টা হিসেবে ‘খেলা হবে’ স্লোগানকে নতুন মাত্রায় নিয়ে যান নেত্রী।
উল্লেখ্য, এদিন সকালেই ভবানীপুরে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে শাহ দাবি করেছিলেন, এই একটি আসন জিতলে বাংলায় পরিবর্তন নিশ্চিত। তার পাল্টা জবাবেই মমতার এই ‘ভোট কাটবে’ মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভোট যত এগোচ্ছে, দিদি বনাম মোদী-শাহর দ্বৈরথ যে আরও তিক্ত হবে, তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে আজকের সভায়।





