উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবার রাম মন্দিরের প্রসঙ্গ টেনে সমাজবাদী পার্টি (SP) এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে তীব্র আক্রমণ শানালেন। ‘রাম মন্দির উদ্বোধনে না আসা’ এবং ১৯৯০ সালে অযোধ্যায় পুলিশের গুলি চালানোর ঘটনাকে সামনে এনে যোগী এসপি-কে নিশানা করেছেন।
যোগী আদিত্যনাথ বিস্ফোরক মন্তব্য করে বলেন, “যারা গুলি চালিয়েছিল, তারা রাম মন্দির উদ্বোধনে আসেননি।” তিনি আরও বলেন, “ওরা গুলি চালিয়েছিল, আর আমরা (বিজেপি) প্রদীপ জ্বালিয়েছি।”
সমাজবাদী পার্টির বিরুদ্ধে আক্রমণ আরও তীক্ষ্ণ করে যোগী অভিযোগ করেন, “এরা (এসপি নেতারা) বাবরের সমাধিতে গিয়ে ফুল দেয়, কিন্তু রাম মন্দির উদ্বোধনের দিন আসেননি।”
তাঁর মন্তব্যে স্পষ্ট বার্তা ছিল যে, সমাজবাদী পার্টি অযোধ্যার ঐতিহ্য এবং মর্যাদা উপেক্ষা করেছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “সমাজবাদী পার্টি অযোধ্যাকে অন্ধকারে ডুবিয়ে রেখেছিল।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরপ্রদেশ এবং বিহারের মতো রাজ্যে ভোটের আগে রাম মন্দির এবং অযোধ্যার প্রসঙ্গ টেনে যোগী আদিত্যনাথ মেরুকরণের রাজনীতিতে বিরোধীদের কোণঠাসা করার কৌশল নিলেন। বিরোধীদের অযোধ্যা থেকে দূরে থাকা এবং ১৯৯০ সালের বিতর্কিত গুলি চালানোর ইতিহাসকে সামনে এনে যোগী সমাজবাদী পার্টির বিরুদ্ধে হিন্দু ভাবাবেগকে আঘাত করার বার্তা দিচ্ছেন।





