পুজোর মন্ত্রে ভক্তি নয়, শোনা গেল রাজনৈতিক জয়ধ্বনি! দুর্গাপুরে সরকারি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে এমনই এক নজিরবিহীন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। দুর্গাপুর নগর নিগমের ৯ নম্বর ওয়ার্ডে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের একটি শেড তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রথা মেনে পুজোর আয়োজন করা হয়েছিল, কিন্তু গোল বাধল পুরোহিতের মন্ত্রপাঠে।
উপস্থিত সকলকে চমকে দিয়ে মাইক্রোফোন হাতে পুরোহিত বলে ওঠেন, “ওঁ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, ওঁ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ!” এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই (সত্যতা যাচাই করেনি ডেইলিয়ান্ট) আক্রমণ শানিয়েছে বিজেপি। বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই প্রশ্ন তুলেছেন, সরকারি অনুষ্ঠানে এভাবে নির্লজ্জ দলীয় প্রচার এবং ধর্মের সঙ্গে রাজনীতির সংমিশ্রণ কেন? অন্যদিকে, তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়ের দাবি, এটি পুরোহিতের ব্যক্তিগত আবেগ হতে পারে, এর সাথে দলের যোগ নেই। ভোটের আগে দুর্গাপুরের এই ‘পলিটিক্যাল মন্ত্র’ এখন নেটপাড়ায় বিতর্কের হট টপিক।