‘এলপিজি নিয়ে গুজব ছড়ালেই জেল!’ আমজনতাকে আশ্বস্ত করে চরম হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে দেশজুড়ে তৈরি হওয়া রান্নার গ্যাসের (LPG) সংকট নিয়ে এবার সরাসরি ময়দানে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ‘NXT’ সামিটে ভাষণ দেওয়ার সময় তিনি স্পষ্ট জানান, দেশে জ্বালানির কোনো অভাব নেই; বরং কিছু স্বার্থান্বেষী মানুষ অযথা আতঙ্ক ছড়িয়ে দেশের ক্ষতি করছে। এই ‘গুজববাজ’ ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী পরিসংখ্যান দিয়ে জানান, ২০১৪ সালের তুলনায় দেশে বর্তমানে রান্নার গ্যাসের সংযোগ ১৪ কোটি থেকে বেড়ে ৩৩ কোটিতে পৌঁছেছে। আগে যেখানে পেট্রোলিয়াম মজুত ছিল সামান্য, আজ সেখানে ৫০ লাখ টনেরও বেশি অপরিশোধিত তেল মজুত রয়েছে। ফলে আতঙ্কিত হয়ে ডিলার অফিসের সামনে লম্বা লাইন দেওয়ার প্রয়োজন নেই। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে গ্যাস বুকিংয়ের নিয়মে সাময়িক বদল এনেছে কেন্দ্র। এখন থেকে শহরাঞ্চলের গ্রাহকরা ২৫ দিন অন্তর এবং গ্রামাঞ্চলের গ্রাহকরা ৪৫ দিন অন্তর সিলিন্ডার বুক করতে পারবেন।

রাজ্য সরকারগুলিকেও সতর্ক করে মোদী বলেন, “কালোবাজারি রুখতে প্রশাসনকে কড়া হতে হবে।” ভারত তার জ্বালানি নিরাপত্তা রক্ষায় সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে, তাই সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে ধৈর্য ধরার আবেদন জানিয়েছেন তিনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy