বিশ্বের সমরাস্ত্র বাজারে ভারতের দাপট এবার আরও এক ধাপ এগিয়ে গেল। ফিলিপিন্সের পর এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ ইন্দোনেশিয়া ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ (Brahmos) সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার মেগা চুক্তিতে সই করল। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্র বর্তমানে ভারতীয় সেনার অন্যতম প্রধান স্তম্ভ, যা এখন বিশ্বের নজর কেড়েছে।
ব্রহ্মস একটি অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা মাটির খুব কাছ দিয়ে প্রচণ্ড গতিতে উড়ে গিয়ে নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এর বিশেষত্ব হলো, নিচু দিয়ে ওড়ার কারণে এটিকে শত্রুপক্ষের রাডারে ধরা প্রায় অসম্ভব। জল, স্থল বা আকাশ—তিন জায়গা থেকেই অনায়াসে উৎক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্র সাধারণ বোমার পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র রিকো রিকার্ডো সিরাইত জানিয়েছেন, ভারতের সঙ্গে এই চুক্তি তাঁদের জাতীয় প্রতিরক্ষা শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে।
উল্লেখ্য, ২০২২ সালে ফিলিপিন্স প্রথম দেশ হিসেবে ৩৭৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ভারতের থেকে ব্রহ্মস কেনার চুক্তি করেছিল, যার ডেলিভারি ২০২৪ সালে সম্পন্ন হয়েছে। এবার দ্বিতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়া এই তালিকায় নাম লেখাল। একসময় কেবল অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে পরিচিত ভারত এখন ব্রহ্মসের হাত ধরে বিশ্বের অন্যতম প্রধান অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে।