বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) নিয়ে উত্তাল আলোচনার মাঝেই বড় ধাক্কা। আসন্ন হাই-প্রোফাইল এআই সম্মেলনে শেষ পর্যন্ত থাকছেন না মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। মঙ্গলবার থেকে যে জল্পনা দানা বেঁধেছিল, বৃহস্পতিবার সকালে তাতে সিলমোহর দিল গেটস ফাউন্ডেশন। কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে বিল গেটস কোনো বক্তব্য রাখবেন না। কিন্তু কেন এই হঠাৎ সরে দাঁড়ানো?
সূত্রের খবর, এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে কুখ্যাত জেফরি এপস্টিন বিতর্ক। অতীতে এপস্টিনের সঙ্গে গেটসের সংযোগ নিয়ে বারংবার বিতর্ক দানা বেঁধেছে। বর্তমানে যখন এআই প্রযুক্তির নৈতিকতা এবং ভবিষ্যত নিয়ে বিশ্বনেতারা আলোচনা করছেন, তখন পুরনো এই বির্তকের কালো ছায়া যাতে সম্মেলনের মূল উদ্দেশ্যকে ম্লান না করে দেয়, সম্ভবত সেই কারণেই এই পদক্ষেপ। যদিও ফাউন্ডেশনের পক্ষ থেকে সরাসরি কোনো কারণ দর্শানো হয়নি, তবে ওয়াকিবহাল মহল মনে করছে ব্যক্তিগত ভাবমূর্তি রক্ষার্থেই এই সিদ্ধান্ত। গেটসের অনুপস্থিতি নিশ্চিতভাবেই এই সম্মেলনের গুরুত্ব নিয়ে নতুন প্রশ্ন তুলে দিল।