এখনই নাম জড়ানো যাবে না সংবাদে! অভিষেক-পত্নীর মানহানি মামলায় বড় নির্দেশ আদালতের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মানহানি মামলায় অন্তর্বর্তীকালীন নির্দেশের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছেন যে, আগামী ২৪ এপ্রিল পর্যন্ত রুজিরার বিরুদ্ধে কোনও রকম মানহানিকর বা অকারণে তাঁর নাম জড়িয়ে সংবাদমাধ্যমে খবর প্রচার করা চলবে না।

আদালতে রুজিরার মূল অভিযোগ ছিল, একটি রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (ইডি) নাম ভাঙিয়ে সংবাদমাধ্যমের একাংশ তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা প্রচার চালাচ্ছে। এর আগে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ইডি-কেও নির্দেশ দিয়েছিলেন যাতে তদন্তের বিষয়ে আগাম কোনও তথ্য সংবাদমাধ্যমে ফাঁস না করা হয়। গত বছর ১৯ ডিসেম্বর এই বিষয়ে আদালত যে রক্ষাকবচ দিয়েছিল, তার মেয়াদ ফেব্রুয়ারি মাসেই শেষ হওয়ার কথা ছিল। এদিন সেই রক্ষা কবচের মেয়াদ ২৪ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে আদালত।

শুনানি চলাকালীন বিচারপতি কৃষ্ণা রাও অবশ্য আবেদনকারীকে প্রশ্ন করেন, কেন তাঁরা এই বিষয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হচ্ছেন না? তবে শেষ পর্যন্ত ২৪ এপ্রিল মামলার বিস্তারিত শুনানির দিন ধার্য করে তত দিন পর্যন্ত মানহানিকর প্রচার বন্ধের নির্দেশ বহাল রাখেন তিনি। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ বা কয়লা পাচার মামলার তদন্তকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদসংস্থা যাতে আদালতের গাইডলাইন অমান্য না করে, সে বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল। আদালতের নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার পথও খোলা রাখা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy