ভোটের মুখে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। ভোটার তালিকা সংশোধনের পর দেখা গেল চাঞ্চল্যকর ছবি—একটি মাত্র বুথ থেকেই উধাও হয়ে গিয়েছে ২৮৬ জন ভোটারের নাম! এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় জয়নগর ২ ব্লকের গরদেওয়ানি পঞ্চায়েত এলাকা।
স্থানীয় সূত্রে খবর, বামনের চক ২৫২ নম্বর বুথে মোট ভোটার সংখ্যা ছিল ১০৫৮। কিন্তু নতুন তালিকায় দেখা যায়, ১৫৪ জন মহিলা এবং ১৩২ জন পুরুষসহ মোট ২৮৬ জনের নাম বাদ পড়েছে। ক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি, বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও বছরের পর বছর ভোট দিয়ে আসা ব্যক্তিদের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে।
এদিন সকাল থেকেই মহিলারা ঝাঁটা ও জুতো হাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বেলে রোডে টায়ার জ্বালিয়ে চলে পথ অবরোধ। বিক্ষোভকারীদের অভিযোগ, বিএলও-দের গাফিলতি অথবা কোনো গভীর ষড়যন্ত্রের কারণেই তাঁদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলেও, নাম পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।





