মহারাষ্ট্রের রাজনীতিতে ফের বড়সড় অস্থিরতা। সূত্রের খবর, উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা (UBT) থেকে ১৪-১৬ জন বিধায়ক এবং ৬ জন সাংসদ দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। আগামী ছয় থেকে সাত দিনের মধ্যেই এই বড় ভাঙন সম্পন্ন হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ২০২২ সালের সেই ঐতিহাসিক বিপর্যয়ের পর এটি উদ্ধব ঠাকরের জন্য এক ভয়াবহ রাজনৈতিক ধাক্কা হতে চলেছে।
দলের অন্দরে ‘অপারেশন টাইগার’-এর গুঞ্জন ছড়িয়ে পড়তেই জরুরি তলব করা হয় ‘মাতোশ্রী’-তে। উদ্ধব ঠাকরে দলের নয়জন লোকসভা সাংসদকে নিয়ে বৈঠক করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় নেতাদের বিদ্রোহের এই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। প্রাক্তন শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম দাবি করেছেন, উদ্ধব ঠাকরের নেতৃত্বের ওপর থেকে নেতা-কর্মীদের আস্থা সম্পূর্ণ উঠে গেছে। তাঁর কথায়, ২০২৯ সালের আগেই শিবসেনা (UBT)-র অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। ইতিমধ্যে বহু কর্মী দলত্যাগ করছেন।
তবে এই প্রসঙ্গে মহারাষ্ট্রের মন্ত্রী আশিস জয়সওয়াল সরাসরি কোনো মন্তব্য না করলেও ইঙ্গিত দিয়েছেন, বালাসাহেব ঠাকরের আসল উত্তরাধিকার কে, তা নিয়েই মূলত এই দড়ি টানাটানি। বিদ্রোহী বিধায়ক ও সাংসদদের রাজনৈতিক ভবিষ্যৎ এবং দলত্যাগ বিরোধী আইনের আইনি জটিলতা—সব মিলিয়ে মহারাষ্ট্রের রাজনীতি এখন এক চূড়ান্ত সন্ধিক্ষণে দাঁড়িয়ে।





