আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের চা-শ্রমিকদের মন পেতে বড় চাল দিল বিজেপি। কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রো-উৎসাহন যোজনা’-র টাকা সরাসরি শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT) পাঠানোর প্রস্তাব দিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। বিজেপির অভিযোগ, কেন্দ্র টাকা বরাদ্দ করলেও রাজ্য সরকার তা খরচ করছে না। এই প্রেক্ষিতেই ইতিমধ্যে টি-বোর্ড বাগান ম্যানেজারদের কাছে শ্রমিকদের ব্যাঙ্ক ডিটেইলস চেয়ে চিঠি পাঠিয়েছে।
২০২১ সালে অসম ও বাংলার চা-বলয়ের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। তথ্য অনুসারে, অসমে ৬৮৬ কোটি টাকা খরচ হলেও বাংলায় ৩১৩ কোটি টাকা পড়ে রয়েছে বলে দাবি বিজেপির। পাল্টা তৃণমূলের অভিযোগ, গত ৫ বছরে কেন্দ্র এই খাতে কোনো টাকাই দেয়নি। এদিকে মজুরি নিয়েও লড়াই তুঙ্গে; অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলে দৈনিক ৩০০ টাকা মজুরির প্রতিশ্রুতি দিয়েছেন, অন্যদিকে বিজেপি অন্য রাজ্যের সঙ্গে তুলনা টেনে রাজ্যের ব্যর্থতাকে বিঁধছে। লোকসভা ভোটে চা-বলয়ে ব্যবধান কমায়, এবার বিধানসভায় সরাসরি টাকা পাঠিয়ে উত্তরের দুর্গ বাঁচাতে মরিয়া গেরুয়া শিবির।