দক্ষিণবঙ্গে পারদ চড়তে শুরু করেছে। প্যাচপ্যাচে গরমে নাজেহাল আমজনতা যখন একটু শান্তির খোঁজে এসি কেনার পরিকল্পনা করছেন, ঠিক তখনই এল দুঃসংবাদ। আগামী ১ এপ্রিল থেকে এক ধাক্কায় বেশ অনেকটা বাড়তে চলেছে এয়ার কন্ডিশনার বা এসির দাম। মূলত মধ্যপ্রাচ্যে ইরান, ইজরায়েল এবং আমেরিকার মধ্যে চলা যুদ্ধ পরিস্থিতির কারণেই এই মূল্যবৃদ্ধির খাঁড়া নেমে আসছে কনজিউমার গুডসের ওপর।
কেন বাড়ছে দাম? বাজার বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেল এবং শক্তির দাম অস্বাভাবিক হারে বাড়ছে। এর ফলে তামা (Copper), অ্যালুমিনিয়াম এবং স্টিলের মতো কাঁচামালের দামও আকাশছোঁয়া। এছাড়া লজিস্টিক এবং জাহাজ ভাড়াও অনেকটা বেড়ে গিয়েছে। ভোল্টাস, দাইকিন, ব্লু স্টার এবং এলজি-র মতো নামী ব্র্যান্ডগুলি ইতিমধ্য়েই ইঙ্গিত দিয়েছে যে, কাঁচামালের খরচ বেড়ে যাওয়ায় তারা ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত দাম বাড়াতে বাধ্য হচ্ছে।
কতটা প্রভাব পড়বে আপনার পকেটে? ১ এপ্রিল থেকে নতুন এনার্জি রেটিং বিধিও কার্যকর হতে পারে, যা উৎপাদন খরচ আরও বাড়িয়ে দেবে। একটি মাঝারি মানের ১.৫ টন থ্রি-স্টার ইনভার্টার এসির দাম ২ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। কোম্পানিগুলো জানিয়েছে, পুরনো স্টক শেষ হওয়ার পর নতুন লটের এসির ক্ষেত্রে এই বর্ধিত দাম কার্যকর হবে। ফলে এই মার্চ মাসই হতে পারে সাশ্রয়ী দামে এসি কেনার শেষ সুযোগ।