বলিউডে পা রেখেই যিনি সাড়া ফেলে দিয়েছিলেন, এবং পরে সকলকে অবাক করে অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, সেই জায়রা ওয়াসিম (Zaira Wasim) ফের খবরের শিরোনামে। এবার চর্চায় তাঁর ব্যক্তিগত জীবন। জানা গিয়েছে, মাত্র ২৪ বছর বয়সেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ‘দঙ্গল’ খ্যাত এই প্রাক্তন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে জায়রার একটি পোস্ট থেকেই তাঁর বিয়ের খবর সামনে এসেছে। দুটি ছবি পোস্ট করেছেন তিনি। একটি ছবিতে দেখা যাচ্ছে বিয়ের আইন নথিতে (নিকাহনামা) স্বাক্ষর করার মুহূর্ত। হাতে গাঢ় মেহেন্দি এবং আংটি জ্বলজ্বল করছে। অন্য ছবিতে লাল ওড়নায় মাথা ঢাকা কনের পাশে ক্রিম রঙের শেরওয়ানি-শাল পরিহিত এক পুরুষকে দেখা যাচ্ছে। ছবিটি চাঁদ দেখার প্রতীকী।
সংক্ষিপ্ত ক্যাপশন, গভীর বার্তা:
ছবি দু’টি পোস্ট করে জায়রা সংক্ষিপ্ত ক্যাপশনে শুধু লিখেছেন, ‘কবুল হ্যায় x3’। ইসলামের বিধান অনুসারে, জীবনসঙ্গীকে গ্রহণ করার মুহূর্তে তিনবার ‘কবুল হ্যায়’ বলতে হয়। সেই ইঙ্গিতপূর্ণ ক্যাপশনই তাঁর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছে।
পোস্টটি সামনে আসতেই জায়রাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগী মহল। একজন অনুরাগী লিখেছেন, “আল্লাহ্-র জন্য সবকিছু ত্যাগ করার ক্ষমতা লাগে। আপনি খুব সুন্দরভাবে তা করে দেখিয়েছেন। আপনি আমার অনুপ্রেরণা। জীবনের এই নতুন অধ্যায়ে আপনার শান্তি ও সব মনোকামনা পূর্ণ হোক।” যদিও জায়রা কার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন, সেই পরিচয় এখনও স্পষ্ট নয়।
১৮ বছর বয়সে বলিউডকে বিদায়:
প্রসঙ্গত, ২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করে জায়রা ওয়াসিম রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন। এরপর ‘সিক্রেট সুপারস্টার’ এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর মতো ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়। তবে ২০১৯ সালে মাত্র ১৮ বছর বয়সেই তিনি সকলকে অবাক করে অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। সেই সময় তিনি জানান, “এই পেশা আমাকে অনেক ভালবাসা দিয়েছে… কিন্তু এই পেশা আমাকে অজ্ঞতার দিকেও ঠেলে দিয়েছে। না বুঝেই ইমান (ধর্মবিশ্বাস) থেকে সরে এসেছি আমি।” অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে তাঁর ধর্মবিশ্বাসের সংঘাত বাধছিল বলেও সেসময় জানিয়েছিলেন এই প্রাক্তন তারকা।
জীবনের নতুন এই অধ্যায়ে জায়রা ওয়াসিমকে শুভেচ্ছায় ভরে দিয়েছেন তাঁর অনুরাগীরা।