সীমান্তে উত্তেজনা ছাপিয়ে এবার আকাশপথে ভয়াবহ হামলা। আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের এয়ারস্ট্রাইকে (Airstrike) প্রাণ হারিয়েছেন অন্তত ৪০০ জন নিরপরাধ মানুষ। আহত অন্তত ২৫০। এই নৃশংস ঘটনার পর স্তব্ধ গোটা বিশ্ব। তবে চুপ করে বসে নেই আফগান ক্রিকেট মহল। ব্যাট-বল ছেড়ে এবার রক্তাক্ত দেশবাসীর পাশে দাঁড়ালেন রশিদ খান, হাসমাতুল্লা শাহিদিরা।
মর্মান্তিক এই ঘটনার পর কাবুলের ওয়াজির আকবর খান হাসপাতালে ছুটে যান আফগানিস্তানের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি। তাঁর সঙ্গে ছিলেন গুলবদিন নাইব, কাইস আহমেদের মতো তারকারা। ২০০০ শয্যাবিশিষ্ট ওই হাসপাতালে হামলা চালানোয় আহতদের ভিড় ছিল উপচে পড়া। ক্রিকেটাররা আহতদের শয্যাপাশে গিয়ে তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আল্লা গজনফরের কড়া হুঁশিয়ারি ও ভারতের সাহায্য প্রার্থনা
এই ঘটনার পর সবথেকে বেশি সরব হয়েছেন তরুণ আফগান স্পিনার আল্লা গজনফর। তিনি সরাসরি পাকিস্তানের নাম করে হুঁশিয়ারি দিয়েছেন। গজনফরের বক্তব্য:
“যে হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা হতো, সেখানেও হামলা চালানো হয়েছে! আফগানিস্তানের ইতিহাস সবাই জানে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলে কিন্তু ফল পাকিস্তানের জন্য ভালো হবে না।”
পাশাপাশি, এই কঠিন সময়ে বন্ধু রাষ্ট্র ভারতের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন গজনফর। রশিদ খান ও মহম্মদ নবিও সমাজমাধ্যমে এই হামলার তীব্র নিন্দা করে গর্জে উঠেছেন।
আফগান সরকারের মুখপাত্র হামদুল্লা ফিতরত জানিয়েছেন, হামলাটি পরিকল্পিতভাবে একটি বড় হাসপাতালের ওপর চালানো হয়েছে। পাকিস্তান যদিও এখনও এই এয়ারস্ট্রাইকের দায় স্বীকার করেনি, তবে কাবুলের পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। রাষ্ট্রপুঞ্জ ইতিমধ্যেই এই নারকীয় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছে।
ভারতও এই অমানবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছে। মাঠের লড়াই ভুলে এখন একজোট আফগান ক্রিকেট দল, তাঁদের একমাত্র লক্ষ্য— ‘আক্রান্ত জনপদ ও রক্তাক্ত মানুষের বিচার’।