সর্বোচ্চ নেতা খামেনেইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া ইরান এবার বড়সড় প্রত্যাঘাতের দাবি করল। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আকাশপথেই শত্রুশিবিরের একটি অত্যাধুনিক এফ-১৫ (F-15) যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, মাঝ আকাশে জ্বলন্ত অবস্থায় চক্কর কাটতে কাটতে নিচে আছড়ে পড়ছে একটি ফাইটার জেট। বিমানটির পেছনের অংশে আগুনের লেলিহান শিখা স্পষ্ট। যদিও এই যুদ্ধবিমানটি আমেরিকার নাকি ইজরায়েলের, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।
আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি (AFP) জানিয়েছে, এই উত্তেজনার আবহেই কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে, যা নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই বিষয়ে আমেরিকা বা ইজরায়েল সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি। বিভিন্ন সূত্র মারফত খবর, ভেঙে পড়া বিমানটির পাইলট প্যারাসুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। খামেনেই পরবর্তী সময়ে ইরানের এই ধারাবাহিক হামলা এবং ইজরায়েলের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন খাদের কিনারায়। সোশ্যাল মিডিয়ায় অপর একটি ভিডিওতে এক ব্যক্তিকে দেখা গিয়েছে, যিনি নিজেকে ওই বিধ্বস্ত বিমানের পাইলট বলে দাবি করছেন।