বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার পাল্টে যাচ্ছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের ঠিকানা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনূস আগামী ২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ত্যাগ করছেন। তাঁর প্রস্থানের পর সেখানেই থিতু হতে চলেছেন দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পূর্ত অধিদপ্তর সূত্রে খবর, নিরাপত্তা এবং সচিবালয়ে যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করেই ‘যমুনা’কে প্রধানমন্ত্রীর নতুন আবাসন হিসেবে বেছে নেওয়া হয়েছে। বর্তমানে তারেক রহমান গুলশানের ব্যক্তিগত বাসভবন থেকে দাপ্তরিক কাজ সামলাচ্ছেন। সংস্কারের কাজ শেষ হলেই তিনি যমুনায় প্রবেশ করবেন এবং আসন্ন ঈদ সেখানেই উদযাপন করার ইচ্ছা প্রকাশ করেছেন। উল্লেখ্য, আওয়ামী লীগ আমলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে থাকতেন, যা বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াধীন। তাই প্রধানমন্ত্রীর জন্য নতুন বিকল্প হিসেবে ৩০ হেয়ার রোডের এই বিশাল ভবনটিকেই চূড়ান্ত করা হয়েছে।
পাশাপাশি, ঢাকার হেয়ার রোড ও মিন্টো রোড এলাকায় নতুন মন্ত্রীদের জন্য সরকারি বাংলো বরাদ্দের কাজও বুধবার সম্পন্ন হয়েছে। প্রাক্তন উপদেষ্টারা ধাপে ধাপে বাড়ি ছাড়তে শুরু করেছেন। যমুনা ভবনের পাশের বাংলোগুলো প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর শীর্ষকর্তাদের জন্য বরাদ্দ করা হয়েছে।