আলিমুদ্দিনে প্রস্তুতির শেষ লগ্ন! সোমেই প্রকাশ পাচ্ছে CPIM-এর প্রার্থী তালিকা, তালিকায় কি এবার তরুণ তুর্কিরাই?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর নির্ঘণ্ট প্রকাশ হতেই তৎপরতা তুঙ্গে আলিমুদ্দিন স্ট্রিটে। নির্বাচন কমিশন দুই দফায় ভোটের ঘোষণা করার পরই বাম শিবিরে প্রার্থী চয়নের কাজ প্রায় চূড়ান্ত। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবারই বামফ্রন্টের পক্ষ থেকে প্রথম দফার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। এই তালিকা ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা।

বিমান বসু জানিয়েছেন, এবারের প্রার্থী তালিকায় বড়সড় চমক থাকতে চলেছে। অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যকে প্রাধান্য দিতে চায় সিপিআইএম। সূত্রের খবর, প্রথম তালিকায় মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধর এবং শতরুপ ঘোষের মতো তরুণ মুখদের নাম থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও বেশ কিছু আসনে বামফ্রন্টের শরিক দলগুলোর সাথে আসন রফার বিষয়টিও চূড়ান্ত করে সোমবার বিকেলের মধ্যেই পূর্ণাঙ্গ বা আংশিক তালিকা জনসমক্ষে আনা হবে।

এবারের নির্বাচনে বামেরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)-এর সাথে জোট করে লড়ছে, তবে কংগ্রেসের সাথে এখনও কোনো আনুষ্ঠানিক সমঝোতা হয়নি। বিমান বসুর ইঙ্গিত অনুযায়ী, যেখানে বামেদের জয় নিশ্চিত বা শক্ত ঘাঁটি, সেই আসনগুলোর নামই প্রথম তালিকায় থাকবে। আলিমুদ্দিন সূত্রে আরও খবর, এবার প্রার্থী চয়নের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তি এবং দীর্ঘদিনের লড়াইয়ে থাকা কর্মীদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সোমবারের এই তালিকার ওপর নির্ভর করছে বামেদের নির্বাচনী লড়াইয়ের গতিপ্রকৃতি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy