শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন হলো ‘ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফোরাম’-এর ২০২৬ সালের নির্বাচন। সোমবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। তবে এবারের নির্বাচন ছিল অন্যবারের চেয়ে একেবারেই আলাদা। সাধারণ সদস্যদের অংশগ্রহণের অবাধ সুযোগ এবং প্রযুক্তির ছোঁয়ায় টলিউডের এই শক্তিশালী সংগঠন এখন অনেক বেশি আধুনিক।
কাদের হাতে সংগঠনের রাশ? নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব সামলাবেন মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সহ-সভাপতি হিসেবে থাকছেন চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, ভরত কল এবং লাবণী সরকার। সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব পেয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়। যুগ্ম সম্পাদক চন্দন সেন ও শুভাশিস মিত্র এবং কোষাধক্ষ্য পদে রয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়।
স্মার্ট হচ্ছে টলিউড: চালু হলো বিশেষ অ্যাপ প্রযুক্তির হাত ধরে এবার ডিজিটাল দুনিয়ায় পা রাখল ফোরাম। চালু করা হয়েছে একটি অত্যাধুনিক মোবাইল অ্যাপ। এর মাধ্যমে শিল্পীরা পাবেন একাধিক সুবিধা:
মেম্বার্স কর্নার: মাত্র ৫০০ টাকায় শিল্পীরা নিজেদের প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করতে পারবেন।
কাস্টিং কর্নার: কোনো টাকা ছাড়াই শিল্পীরা নিজেদের তথ্য জমা দিতে পারবেন। কাজের সুযোগ বাড়াতে প্রায় ২২০০টি প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে ফোরাম।
ই-শুটিং ডায়েরি ও অনলাইন অভিযোগ: কাজের রেকর্ড রাখার জন্য এখন আর সইয়ের অপেক্ষা নয়, ডিজিটাল ডায়েরিতেই হবে সব। এছাড়া যে কোনো সমস্যা এখন ঘরে বসেই অনলাইনে জানানো যাবে।
সব মিলিয়ে শিল্পীদের পেশাদার জীবনকে আরও সহজ ও স্বচ্ছ করতে একগুচ্ছ নতুন পদক্ষেপ নিল আর্টিস্ট ফোরাম।