চব্বিশের স্মৃতি উসকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও ‘তরতাজা’ আরজি কর ইস্যু। পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে বৃহস্পতিবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে নিজের মনোনয়ন দাখিল করলেন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মা। শাসকদলের তীর্থঙ্কর ঘোষ এবং বামেদের কলতান দাশগুপ্তের বিরুদ্ধে কার্যত ‘প্রেস্টিজ ফাইট’-এ নেমেছেন তিনি। মনোনয়ন পত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় উঠে এসেছে তাঁর এবং তাঁর পরিবারের সম্পত্তির বিস্তারিত তথ্য।
হলফনামার খুঁটিনাটি:
সম্পত্তি: প্রার্থীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৯ লক্ষ ২ হাজার ৪৩২ টাকা। হাতে নগদ রয়েছে ২০ হাজার টাকা। ব্যাঙ্কে ৮ লক্ষ ও ১ লক্ষ টাকার দুটি স্থায়ী আমানত (FD) রয়েছে।
গাড়ি ও গয়না: প্রার্থীর কাছে ৩০ গ্রাম সোনা রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪.৩৫ লক্ষ টাকা। হলফনামায় আবেগঘন এক তথ্যে জানা গিয়েছে, তাঁরা যে মারুতি ব্যালেনো গাড়িটি ব্যবহার করেন, সেটি ২০২৪ সালের মার্চ মাসে তাঁদের মেয়েই কিনেছিলেন। মেয়ের মৃত্যুর পর তাঁরা সেই গাড়ির মালিকানা পেয়েছেন।
স্থাবর সম্পত্তি: প্রার্থীর নিজের নামে কোনো জমি বা বাড়ি নেই। সোদপুরের বসতভিটে ও জমি তাঁর স্বামীর নামে, যার বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
আয়ের উৎস: মূলত ব্যবসা এবং ব্যাঙ্কের সুদ থেকেই তাঁদের আয় হয়।
রাজনীতিতে নবাগত হলেও মেয়ের ওপর হওয়া নৃশংসতার বিচার এবং নারী নিরাপত্তাকেই প্রধান নির্বাচনী অস্ত্র করেছেন তিনি। হলফনামায় তাঁর নামে কোনো অপরাধমূলক রেকর্ড নেই। পানিহাটির এই ত্রিমুখী লড়াই এখন রাজ্যের অন্যতম ‘হাইভোল্টেজ’ চর্চার কেন্দ্রবিন্দু।





