মালদহের কালিয়াচকে জুডিশিয়াল অফিসারদের হেনস্থার ঘটনায় এবার সরাসরি হস্তক্ষেপ করল দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই ইস্যুতে নজিরবিহীন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। মালদহের জেলাশাসক (DM) এবং পুলিশ সুপারকে (SP) সরাসরি শোকজ করা হয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচী এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে মন্তব্য করেন, “প্রশাসনের পক্ষ থেকে আরও বেশি নজরদারির প্রয়োজন ছিল।”
বুধবার রাতে কালিয়াচকে বিচারবিভাগীয় আধিকারিকরা যেভাবে হেনস্থার শিকার হন, বৃহস্পতিবার সকালেই প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে বিষয়টি উত্থাপন করা হয়। পুরো ঘটনা শুনে প্রশাসনের ওপর চরম বিরক্তি প্রকাশ করে শীর্ষ আদালত। রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরেও এই আঁচ পৌঁছেছে; সুপ্রিম কোর্ট এবার সরাসরি রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপি-র (DGP) কাছে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে। কেন সুরক্ষা নিশ্চিত করা গেল না, এখন সেই কৈফিয়ত দিতে হবে রাজ্যকে।





