ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন ১৫ শতাংশ আমদানি শুল্ক নীতির বিরুদ্ধে রণংদেহি মেজাজে কংগ্রেস। শনিবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এক সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন যে, এই চুক্তির ফলে ভারতের লাভ হওয়ার চেয়ে ক্ষতিই বেশি হবে। কংগ্রেস মুখপাত্রের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠতা সত্ত্বেও ট্রাম্পের এই কড়া শুল্ক নীতি ভারতীয় রপ্তানিকারকদের কোমর ভেঙে দেবে।
কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ট্রাম্প প্রশাসন ভারতের ওপর চাপ সৃষ্টি করে মার্কিন দুগ্ধজাত পণ্য এবং কৃষি সামগ্রীর জন্য ভারতের বাজার খুলে দিতে চাইছে। যদি এই চুক্তি কার্যকর হয়, তবে সস্তা বিদেশি পণ্যের ভিড়ে দেশীয় কৃষকরা অসম প্রতিযোগিতার মুখে পড়বেন এবং বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশের কথায়, “এই চুক্তিতে ভারতের কৌশলগত স্বার্থ রক্ষা করা হয়নি। ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির বলি হতে চলেছে ভারতীয় অর্থনীতি।” মোদী সরকার কেন এই চুক্তির শর্তাবলী স্বচ্ছভাবে প্রকাশ করছে না, তা নিয়েও প্রশ্ন তুলেছে হাত শিবির।