‘আমি বাংলাদেশি নই!’ রথযাত্রার আগেই পোস্টার যুদ্ধ বীরভূমে, ফড়নবিশের সফরের মুখে চরম উত্তেজনা

বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শুরুর আগেই বীরভূমের হাঁসন বিধানসভা কেন্দ্র হয়ে উঠল রাজনৈতিক রণক্ষেত্র। এদিন তারাপীঠ থেকে এই রথযাত্রার সূচনা করার কথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের। কিন্তু রথ গড়ানোর আগেই এলাকায় দেখা গেল রহস্যময় সব পোস্টার। যেখানে সাফ লেখা— ‘আমি বাংলাদেশি নই’। এই পোস্টারকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে প্রবল বাকযুদ্ধ।

মূলত বিজেপির পক্ষ থেকে বারবার অনুপ্রবেশ এবং এনআরসি ইস্যু তুলে ধরা হয়। রাজনৈতিক মহলের ধারণা, সেই ইস্যুকেই পাল্টা চ্যালেঞ্জ জানাতেই স্থানীয় মানুষের আবেগ উস্কে এই পোস্টার দেওয়া হয়েছে। বিজেপি এই ঘটনার পেছনে তৃণমূলের হাত দেখছে। গেরুয়া শিবিরের দাবি, ফড়নবিশের সভায় ভিড় দেখে ভয় পেয়েছে শাসক দল, তাই রথযাত্রার গুরুত্ব কমাতে এই ধরনের প্রচার করা হচ্ছে। অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, মানুষ নিজের ক্ষোভ থেকেই এই পোস্টার দিয়েছে। সাধারণ নাগরিকদের ‘বাংলাদেশি’ বলে দেগে দেওয়ার যে রাজনীতি বিজেপি করে, তারই প্রতিফলন এই প্রতিবাদ। ফড়নবিশের সফরের আগে এই পোস্টার বিতর্ক প্রশাসনিক স্তরেও ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। গোটা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং রথযাত্রার পথ জুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy