আম আদমি পার্টির অন্দরে ডামাডোল এবার চরমে। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে দেওয়ার পর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা। আপ-এর তরফে সংসদীয় কমিটিকে অনুরোধ করা হয়েছে যাতে রাঘবকে বলার সুযোগ না দেওয়া হয়। এই ঘটনায় স্তম্ভিত রাঘব সরাসরি প্রশ্ন তুলেছেন, “দেশের মানুষের হয়ে কথা বলা কি আমার অপরাধ?”
বলিউডের সমর্থন ও নতুন দলের জল্পনা: রাঘবের এই সংকটের সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন পরিণীতি চোপড়ার ফিল্মি দুনিয়ার বন্ধুরা। অভিনেত্রী দিশা পাটানির বোন তথা প্রাক্তন সেনাকর্মী খুশবু পাটানি সরাসরি রাঘবকে নিজের নতুন রাজনৈতিক দল খোলার প্রস্তাব দিয়েছেন। তিনি লিখেছেন, “রাঘবজি, আপনার মতো শিক্ষিত নেতার দেশের খুব দরকার। আপনি নিজের দল গড়ুন, আমরা আপনার সাথে আছি।” এই মন্তব্য ঘিরেই এখন তোলপাড় রাজনৈতিক মহল—তবে কি সত্যিই আম আদমি পার্টি ছাড়ছেন রাঘব?
কেন এই সংঘাত? রাঘবের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। তাদের দাবি, রাঘব চাড্ডা প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কথা বলতে ভয় পান। এমনকি গুরুতর জাতীয় ইস্যু ছেড়ে তিনি সংসদে বিমানবন্দরের খাবারের চড়া দাম নিয়ে কথা বলে সময় নষ্ট করেছেন। এই টানাপোড়েনের মাঝে রাঘবের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা।





