বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবর পৌঁছাতেই স্তম্ভিত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের বিস্ময় প্রকাশ করে জানান, কোনো আগাম বার্তা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিস্ময় আরও বাড়ে যখন মুখ্যমন্ত্রী জানান যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তাঁকে জানানো হয়েছে যে— আর এন রবি (R. N. Ravi) হতে চলেছেন পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় স্পষ্ট ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “রাজ্যপালের ইস্তফা এবং নতুন নিয়োগ— কোনো বিষয়ই রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা হয়নি। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।” রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের ঠিক আগে তামিলনাড়ুর বিতর্কিত ও কড়া মেজাজের রাজ্যপাল আর এন রবিকে বাংলায় আনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকার ও রাজভবনের সংঘাত যে আগামী দিনে আরও বাড়বে, মুখ্যমন্ত্রীর এই ‘শকড’ হওয়া এবং পালটা আক্রমণ সেই ইঙ্গিতই দিচ্ছে।