বিদেশের মাটিতে আবারও চূড়ান্ত অস্বস্তির মুখে পাকিস্তান। এবার খোদ পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে আটকানো হল মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রবেশপথে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গিয়ে এক নিরাপত্তারক্ষীর জেরার মুখে পড়েন তিনি। সেই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই হাসির খোরাক জোগাচ্ছে নেটদুনিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, জেনারেল মুনির যখন অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে যাচ্ছেন, তখন এক নিরাপত্তারক্ষী তাঁকে থামিয়ে সটান পরিচয়পত্র দেখতে চান।
সাধারণত রাষ্ট্রপ্রধান বা সেনাপ্রধানদের জন্য বিশেষ প্রটোকল থাকে, কিন্তু এই ক্ষেত্রে সেই নিয়মের ব্যত্যয় দেখা গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আসিম মুনির প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষী হাত দিয়ে তাঁকে বাধা দেন এবং বলেন, “দয়া করে আগে আপনার পরিচয়পত্র (ID Card) দেখান।” বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। পাকিস্তানের শক্তিশালী সেনাপ্রধানকে এভাবে সাধারণের মতো লাইনে দাঁড়িয়ে পরিচয়পত্র দেখাতে হওয়ায় কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের ভাবমূর্তি এবং গুরুত্ব কতটা তলানিতে ঠেকেছে, এই ঘটনাই তার প্রমাণ। যেখানে অন্যান্য দেশের প্রতিনিধিদের জন্য ব্যবস্থা মসৃণ ছিল, সেখানে পাক সেনাপ্রধানের এই ‘অপদস্থ’ হওয়ার দৃশ্যটি বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। ইমরান খানের সমর্থকরা ইতিমধ্যেই এই ভিডিওটি শেয়ার করে আসিম মুনিরকে কটাক্ষ করতে শুরু করেছেন। যদিও পাকিস্তান সেনার পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





