আকাশ থেকে আছড়ে পড়ল মিসাইল? ছত্তিশগড়ে বেদান্তের বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৪

ছত্তিশগড়ের শক্তি জেলায় মঙ্গলবার দুপুরে যেন একখণ্ড নরক নেমে এল। সিংহিতরাই গ্রামে বেদান্ত লিমিটেডের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে তছনছ হয়ে গেল সব। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ২০ জনেরও বেশি শ্রমিক গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে মনে হয়েছিল কোনো শক্তিশালী মিসাইল এসে আছড়ে পড়েছে প্ল্যান্টের ওপর।

পুলিশ সূত্রে খবর, দুপুর আড়াইটে নাগাদ যখন কাজ পুরোদমে চলছিল, তখনই বয়লার থেকে টারবাইনের দিকে যাওয়া উচ্চচাপের একটি বাষ্পবাহী পাইপ আচমকা ফেটে যায়। মুহূর্তের মধ্যে কারখানার চারপাশ উত্তপ্ত বাষ্প আর আগুনের হলকায় ঢেকে যায়। কর্মরত শ্রমিকরা পালানোর সুযোগটুকুও পাননি। শক্তি জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানিয়েছেন, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪-তে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। পাশাপাশি বিলাসপুরের ডিভিশনাল কমিশনারকে দিয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ১২০০ মেগাওয়াটের এই বিশাল প্রকল্পটি ২০২২ সালে বেদান্ত অধিগ্রহণ করেছিল। দ্বিতীয় ইউনিটের কাজ চলাকালীন কেন এই সুরক্ষা গাফিলতি হলো, তা নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy