আকাশপথে বারুদের গন্ধ! ইরান-ইজরায়েল যুদ্ধে আটকে পড়া ভারতীয়দের নিয়ে চরম উদ্বেগ

পশ্চিম এশিয়ায় ইরান ও ইজরায়েল-আমেরিকা সংঘাত চরম রূপ নিলেও, সেখানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে আপাতত কোনো বড় পদক্ষেপ করছে না নয়াদিল্লি। রবিবার রাতে চার রাজ্য সফর সেরে দিল্লি ফিরেই ক্যাবিনেট সাব-কমিটির জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র মারফত জানা গিয়েছে, যুদ্ধবিধ্বস্ত দেশগুলির আকাশসীমা সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো উদ্ধারকারী বিমান পাঠানো ঝুঁকি সাপেক্ষ বলে মনে করছে কেন্দ্র।

সরকারি তথ্য অনুযায়ী, সৌদি আরব, ইরান ও ইরাক মিলিয়ে প্রায় এক কোটি ভারতীয় পড়াশোনা ও কর্মসূত্রে সেখানে রয়েছেন। গত বছর জুনে ‘অপারেশন সিন্ধু’-র মাধ্যমে সাফল্যের সঙ্গে বহু ভারতীয়কে ফেরানো সম্ভব হলেও, এবারের পরিস্থিতি অনেক বেশি জটিল। তবে উদ্ধারের কাজ স্থগিত রাখলেও প্রতিটি দেশের দূতাবাসের মাধ্যমে ভারতীয়দের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সমস্ত মন্ত্রককে ‘স্ট্যান্ডবাই’ মোডে থাকার কড়া বার্তা দেওয়া হয়েছে।

এদিকে পরিস্থিতি যে ভয়াবহ, তার প্রমাণ মিলছে প্রতিনিয়ত। ওমানে ইরানের হামলায় ১৫ জন ভারতীয়সহ একটি তেলের ট্যাঙ্কার আক্রান্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতেও আহত হয়েছেন এক ভারতীয়। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া ইতিমধ্যেই ইজরায়েলে আটকে থাকা কর্মীদের ফেরাতে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। আপাতত ‘অপেক্ষা ও নজরদারি’র নীতিতেই হাঁটছে ভারত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy