মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প ‘বাংলার যুবসাথী’ নিয়ে বর্তমানে তুঙ্গে উৎসাহ। গত ৭ই মার্চ থেকে অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ১৫০০ টাকা ঢুকতে শুরু করলেও, একটি বড় অংশের আবেদনকারীর কপালে এখনও চিন্তার ভাঁজ। কেন অনেকে টাকা পেলেন না আর কেনই বা দেরি হচ্ছে, তা নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য।
নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পের জন্য প্রায় ৮৪ লক্ষ থেকে ১ কোটি যুবক-যুবতী আবেদন করেছেন। বিপুল এই আবেদনের পাহাড় যাচাই করা সময়সাপেক্ষ। যারা সরাসরি অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করেছেন, তাদের তথ্য দ্রুত যাচাই হওয়ায় টাকা দ্রুত ঢুকছে। অন্যদিকে, যারা দুয়ারে সরকার ক্যাম্প বা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, তাদের তথ্য ম্যানুয়ালি কম্পিউটারে তোলার কাজ চলায় প্রক্রিয়াটি কিছুটা ধীরগতিতে হচ্ছে।
কেন আটকে যেতে পারে আপনার আবেদন? ১. অন্যান্য প্রকল্প: আপনি যদি আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু বা যুবশ্রী প্রকল্পের সুবিধা পান, তবে এই টাকা পাবেন না।
২. বয়সসীমা: ১লা এপ্রিল ২০২৬ অনুযায়ী বয়স অবশ্যই ২১ থেকে ৪০-এর মধ্যে হতে হবে।
৩. নথিপত্র: ভোটার কার্ডের স্পষ্ট ছবি না থাকা বা আধার লিঙ্কে ত্রুটি থাকলে আবেদন বাতিল হতে পারে।
টাকা না ঢুকলে দুশ্চিন্তা না করে পোর্টালের (yubasathi.wb.gov.in) মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারেন। প্রয়োজনে হেল্পডেস্ক নম্বর ৬২৯২২৪৮৮৮৮-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। আধিকারিকদের মতে, যাচাইকরণ শেষ হলেই যোগ্য আবেদনকারীদের টাকা ধাপে ধাপে পৌঁছে যাবে।