আজ ১১ মার্চ, বাংলা বিনোদন জগতের কিংবদন্তি অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনেই না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন তিনি। বাবার প্রয়াণ দিবসে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ এবং অত্যন্ত আবেগঘন পোস্ট করেছেন তাঁর কন্যা তথা জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সমুদ্রতটে বাবার হাত ধরে দাঁড়িয়ে থাকা একটি পুরনো ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, “পুরুষ মানুষের অত সুন্দর হাত-পা আমি জন্মে দেখিনি। অবিকল ঈশ্বরের মতন।”
স্মৃতিচারণায় স্বস্তিকা জানিয়েছেন, বাবা থাকলে প্রতিদিন রাতের আড্ডায় দুনিয়ার যাবতীয় ‘রঙ্গ’ নিয়ে আলোচনা চলত। তাঁর বাবার সেই অট্টহাসি আজও কানে বাজে অভিনেত্রীর। আবেগাপ্লুত স্বস্তিকা লিখেছেন, “ইশ এর পাহাড় একদিন কাঞ্চনজঙ্ঘা কেও ছাড়িয়ে যাবে বাবা। কোনও নতুন কাজ শুরু করলে বা বেরোলে মনে হয়, ইশ তুমি যদি দেখে যেতে পারতে!” বর্তমানে পাহাড়ের কোলে শুটিং করছেন অভিনেত্রী। সেখানকার মেঘাচ্ছন্ন আকাশ দেখে তাঁর মনে হচ্ছে, বাবা যেন মেঘ হয়ে তাঁকে আলিঙ্গন করতে নেমে এসেছেন। পোস্টের শেষে তিনি লিখেছেন, “পরের বার তুমিই আসছ কিন্তু… খুব ভালোবাসি বাবা।” অভিনেত্রীর এই খোলা চিঠি পড়ে চোখের জল ধরে রাখতে পারেননি তাঁর অনুরাগী থেকে শুরু করে টলি-পাড়ার সতীর্থরাও।