অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার শোকের ছায়া পর্যটন কেন্দ্র তাজপুরে। সমুদ্রের জলে ডুবে মৃত্যু হল সোদপুরের দুই চিকিৎসকের। মৃতদের নাম কুন্তল চক্রবর্তী ও শৈলজা ভরদ্বাজ। বুধবার রাতে তাজপুরের বিশ্ব বাংলা গেটের কাছে সমুদ্রের নোনা জলে তাঁদের দেহ ভাসতে দেখেন পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা।
পুলিশ সূত্রে খবর, দু’দিন আগেই সোদপুর থেকে নিজেদের গাড়ি নিয়ে তাজপুরে বেড়াতে এসেছিলেন এই দুই চিকিৎসক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বুধবার রাতে সমুদ্রের ধারে বসে আমোদপ্রমোদের সময় কোনওভাবে তাঁরা জলে নেমেছিলেন। অন্ধকার থাকায় এবং জনমানস না থাকায় তাঁদের তলিয়ে যেতে কেউ দেখেননি। উত্তাল সমুদ্রের ঢেউয়ের তোড়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে দেহ দুটি উদ্ধার করে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ বালিসাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ দুটি কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এখনই নিশ্চিতভাবে কিছু বলতে নারাজ পুলিশ প্রশাসন।





