অবতরণের সময় নিয়ন্ত্রণ হারাল কার্গো বিমান! হংকং বিমানবন্দরে রানওয়ে থেকে পিছলে সোজা সমুদ্রে, নিহত ২ কর্মী

এক ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকল হংকং আন্তর্জাতিক বিমানবন্দর (Hong Kong International Airport)। দুবাই থেকে আসা একটি পণ্যবাহী বিমান (Cargo Plane) অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গিয়ে সরাসরি সমুদ্রে পড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় অন্তত দুই জন বিমানবন্দর কর্মী নিহত হয়েছেন। বিমানটি যাত্রীবাহী না হওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

ঘটনা কখন ঘটল?

ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে। স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে এমিরেটস স্কাইকার্গো-র (Emirates SkyCargo) EK9788 ফ্লাইটের অবতরণের কথা ছিল। তুরস্কের সংস্থা এয়ার অ্যাক্ট (Air ACT) বিমানটি পরিচালনা করছিল। এটি বোয়িং ৭৪৭ মডেলের একটি পণ্যবাহী বিমান ছিল, যা দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশে রওনা দিয়েছিল।

জানা গেছে, অবতরণের সময় প্রবল বাতাস ও ভেজা রানওয়ের কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারায়। রানওয়ের মাঝপথে পিছলে গিয়ে সেটি একটি গ্রাউন্ড সার্ভিস গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বিমানের সামনের অংশ সমুদ্রপ্রাচীর ভেঙে জলের মধ্যে ঢুকে যায়।

দুই কর্মীর মৃত্যু:

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সঙ্গে সঙ্গে ধোঁয়া ও আগুনের শিখায় ভরে যায় আশপাশের এলাকা। সংঘর্ষে গাড়িটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় তাতে থাকা দুই কর্মীকে উদ্ধার করা হলেও তাঁদের একজন ঘটনাস্থলেই এবং অপরজন হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান। বিমানে থাকা চারজন ক্রু সদস্য সামান্য আহত হয়েছেন এবং তাঁদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

উদ্ধার অভিযান ও তদন্ত:

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, মেরিন পুলিশ ও গভর্নমেন্ট ফ্লাইং সার্ভিসের উদ্ধারকারী দল সমুদ্রে নৌকা ও হেলিকপ্টার পাঠিয়ে তল্লাশি শুরু করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের সামনের অংশ সমুদ্রপ্রাচীরের ওপর ঝুলে রয়েছে এবং বাকি অর্ধেক অংশ ডুবে আছে জলের মধ্যে।

এমিরেটস এয়ারলাইন্সের মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত ৩২ বছর পুরোনো বিমানটি আসলে যাত্রী পরিবহণের জন্য ব্যবহৃত হলেও, সম্প্রতি এটিকে পণ্যবাহী ফ্লাইটে রূপান্তরিত করা হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, ১৯৯৯ সালের পর হংকং বিমানবন্দরে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা। বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আপাতত উত্তর দিকের রানওয়ে বন্ধ রেখে উড়ানগুলি অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy