অফিস টাইমে শালিমারে বড়সড় ট্রেন দুর্ঘটনা! একটুর জন্য প্রাণরক্ষা কয়েকশ যাত্রীর

সকাল সকাল শালিমার স্টেশনে বড়সড় রেল বিভ্রাট! অফিস টাইমে যাত্রীবোঝাই লোকাল ট্রেন বেলাইন হয়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘড়িতে তখন বেলা পৌনে এগারোটা। সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেনটি শালিমার স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার ঠিক আগেই ঘটে এই বিপত্তি।

ট্রেনের পেছনের দিক থেকে তিন নম্বর কামরাটি হঠাৎই লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের গতি কম থাকায় কোনো বড়সড় প্রাণহানি ঘটেনি, তবে লাইনচ্যুত অবস্থাতেই কামরাটি ঘষতে ঘষতে বেশ খানিকটা এগিয়ে যায়। ট্রেন থামতেই আতঙ্কিত যাত্রীরা প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে প্ল্যাটফর্মে লাফ দিতে শুরু করেন।

রেল সূত্রে খবর, ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে এবং ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের ইঞ্জিনিয়াররা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। অল্পের জন্য রক্ষা পেলেও রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ যাত্রীরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy