পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানা এলাকার বাঘার দুই অঞ্চলের হলদি দে’পাড়ায় একটি আনন্দ অনুষ্ঠান নিমেষে বিষাদে পরিণত হলো। আত্মীয়ের বাড়িতে অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন জগদাবাদ গ্রামের বাসিন্দা ৫৮ বছর বয়সী সরজিৎ দালাল। ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পরিবার সূত্রে খবর, সোমবার রাতে ভাইপোর নাতনির অন্নপ্রাশন উপলক্ষে হলদি দে’পাড়ায় এসেছিলেন সরজিৎবাবু। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি ফেরেননি। উদ্বেগের মধ্যে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয় একটি পুকুরপাড়ে তাঁর ব্যবহৃত বাইক এবং জুতো উদ্ধার হয়। জুতো ও বাইক পুকুরপাড়ে পড়ে থাকায় পরিবারের আশঙ্কা, অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে গিয়ে থাকতে পারেন। তবে ভাইপো আদিত্য দালালের দাবি, এর নেপথ্যে অন্য কোনো রহস্য বা কারোর উস্কানি থাকতে পারে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় দেওয়ানদিঘি থানার পুলিশ। মঙ্গলবার সকাল থেকে পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হলেও নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি। পরিস্থিতি মোকাবিলায় পরে সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। বর্তমানে ডুবুরির সাহায্যে পুকুরের তলদেশে তল্লাশি চালানো হচ্ছে। সরজিৎবাবু কোনো দুর্ঘটনার কবলে পড়েছেন নাকি এর পেছনে অন্য কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।