আধুনিক জীবনে ইয়ারফোন বা ইয়ারবাডস আমাদের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আপনি কি জানেন, আপনার প্রিয় এই গেজেটটি আসলে জীবাণুর চারণভূমি? সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, একটি নিয়মিত ব্যবহৃত ইয়ারফোনে রান্নাঘরের স্ল্যাবের চেয়েও প্রায় ৩৩০ গুণ বেশি ব্যাক্টেরিয়া থাকতে পারে। দীর্ঘক্ষণ ইয়ারফোন কানে দিয়ে রাখলে কানের স্বাভাবিক বায়ু চলাচল বন্ধ হয়ে যায়, ফলে কানের ভেতরে উষ্ণ ও আর্দ্র পরিবেশ তৈরি হয়—যা জীবাণু জন্মানোর জন্য আদর্শ জায়গা।
মূলত ঘাম, কানের মোম (Earwax) এবং মৃত কোষ ইয়ারফোনের খাঁজে জমা হতে থাকে। যখনই আমরা নোংরা ইয়ারফোন কানে দিই, তখনই সেই জীবাণু কানের গভীরে প্রবেশ করে চুলকানি, লালচে ভাব বা অটোমাইকোসিসের মতো সংক্রমণের ঝুঁকি বাড়ায়। বিশেষজ্ঞের মতে, নিয়মিত ইয়ারফোন পরিষ্কার না করলে সংক্রমণের কারণে স্থায়ীভাবে শ্রবণশক্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কানের সুস্থতায় সপ্তাহে অন্তত একবার স্যানিটাইজার বা আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে ইয়ারফোন মুছে নেওয়া জরুরি। সেই সঙ্গে অন্যের ইয়ারফোন ব্যবহার না করার পরামর্শও দিচ্ছেন চিকিৎসকেরা।