বাড়ির ভিজে স্যাঁতসেঁতে গন্ধ দূর করে বাড়ি সুগন্ধিত রাখতে মেনে চলুন কয়টি টিপস

প্রত্যেক বাড়ির নিজস্ব একটা গন্ধ থাকে। বেশ কিছু কারণ যেমন ইন্ডোর প্ল্যান্ট, জুতোর র‍্যাক যদি বাড়ির ভিতরেই রাখেন, পোষ্য, রান্না-বান্না, সব মিলিয়ে আলাদা একটা গন্ধ সৃষ্টি হয়। যদিও আপনি বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টার কোনও ত্রুটি রাখেন না, কিন্তু সব ক্ষেত্রে তা সফল হয় না। অনেক সময় বাড়ি ফিরে দরজা খুলেই এমন গন্ধ নাকে ঢোকে যে মেজাজ খারপ হয়ে যায়। আর এখন, গোদের ওপর বিষফোড়ার মত জুটেছে বৃষ্টি। বর্ষাকাল এলেই বাড়ির নিজস্ব গন্ধের সঙ্গে ভিজে জামাকাপড়ের গন্ধ মিশে বাড়ির সুন্দর পরিবেশ একেবারে নষ্ট করে দেয়। তাই শুধু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলেই হবে না, বাড়ি সুগন্ধিত রাখতে নিতে হবে বাড়তি পদক্ষেপ। সেগুলি কী কী জেনে নিন-

ময়লা ফেলার বিন বদলে দিন

ঘরে ভাল গন্ধ বজায় রাখতে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই বিষয়টি। স্বাভাবিক ভাবেই ডাস্টবিনে ফল, সবজির খোসা, এঁটোকাঁটা আরও কত কী ফেলা হয়। তাই চেষ্টা করুন ডাস্টবিন যাতে প্রত্যেকদিন পরিষ্কার রাখা যায়, দিনের ময়লা দিনেই ফেলুন। জমিয়ে রাখবেন না। ডাস্টবিনে সরাসরি ময়লা ফেলবেন না, গারবেজ ব্যাগ পাওয়া যায় সেগুলো ব্যবহার করুন। এবং এটি প্রত্যেকদিন বদলান। এবং মাঝেমধ্যে ক্যানও বদলে ফেলুন।

সেন্টেড ক্যান্ডেল (Scented Candle)

বাড়িতে সেন্টেড ক্যান্ডেল ব্যবহার করুন। বাথরুম থেকে শুরু করে ড্রইংরুম প্রত্যেকটি জায়গায় এই সুগন্ধী মোমবাতি ব্যবহার করতে পারেন। দেখতেও সুন্দর লাগবে, ভাল গন্ধে মনও ভাল থাকবে।

পওপুওরি (Potpourri)

টেবিল ডেকরে আজকাল পওপুওরির ব্যবহার করেন অনেকেই। শুকনো ফুলের পাপড়ি ও বিশেষ কিছু মশলা দিয়ে তৈরি এই বিশেষ মিশেল, সাজিয়ে রাখলে এদের মিষ্টি সুবাস ঘরের পরিবেশ মুহূর্তে সুন্দর করে তোল। এগুলি খুব সহজেই যে কোনও হোম ডেকরের দোকানে পেয়ে যাবেন। চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। এক মুঠো শুকনো ফুল বা পাপড়ির সঙ্গে এসেনশিয়াল অয়েল মিশিয়ে একটি এয়ার টাইট জারে এক থেকে দু’সপ্তাহ রেখে দিন। এইভাবে রেখে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই পওপুওরি।

পাপোশ পরিষ্কার করে নিন

পাপোশ অপরিষ্কার থাকলে অনেক সময় এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। সেক্ষেত্রে পাপোশ ধুয়ে নিতে পারেন। কিন্তু বর্ষাকালে এগুলো শুকোতে সমস্যা হতে পারে। তাই সেক্ষেত্রে এতে বেকিং সোডা ছড়িয়ে দিন এবং ভ্যাকিউম করে নিন। এতে দেখবেন পাপোশের দুর্গন্ধ একেবারে চলে গেছে।

ইনস্ট্যান্ট এফেক্টের জন্য ফল বা পছন্দের হার্বস ফুটিয়ে নিতে পারেন

শুনে অবাক লাগলেও, বাস্তবে এই পদ্ধতি কিন্তু খুব ভাল কাজ করে। একটি প্যানে জল নিন এবং এতে পাতি লেবু কেটে, ফেলুন এবং আপনার পছন্দের হার্বস মেশান। এ বার এই প্যান হাল্কা আঁচে রেখে জল গরম করতে থাকুন। এর ফলে লেবু ও হার্বের নির্যাস জলের সঙ্গে মিশে যে গন্ধ বেরোবে তাতে দেখবেন আপনার বাড়ি সুবাসিত হয়ে উঠেছে।

ইন্ডোর প্ল্যান্ট (Indoor Plants)

বিভিন্ন ইন্ডোর প্ল্যান্টের মধ্যে বেশ কিছু সুগন্ধিত গাছও রয়েছে। যেমন জুঁই, গার্ডেনিয়া ইত্যাদি। এগুলি বাড়ির হাওয়া দূষণমুক্ত করে এবং হাওয়ায় মিষ্টি গন্ধ মিশিয়ে দেয়। বাড়ির পরিবেশ খুব সহজেই মনোরম করে তোলে এই ইন্ডোর প্ল্যান্টস।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy