৩ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ৩টি নতুন রাস্তার উদ্বোধন! উৎসবের মরশুমে ‘উপহার’ পেলেন দক্ষিণ দিনাজপুরবাসী

বাঙালির বারো মাসে তেরো পার্বণের আবহে এবার বড়সড় ‘উপহার’ পেলেন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বাসিন্দারা। কার্তিক পুজোর মরশুমে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে ৩টি গুরুত্বপূর্ণ নতুন রাস্তার উদ্বোধন করা হলো।

মন্ত্রী বিপ্লব মিত্রের উদ্বোধন:

মঙ্গলবার হরিরামপুর বিধানসভার বিধায়ক ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র পুন্ডরী গ্রাম পঞ্চায়েতে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে এই তিনটি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই তিনটি রাস্তা নির্মাণে মোট ৩ কোটি ১২ লক্ষ টাকা অর্থ বরাদ্দ করা হয়েছিল।

কোন কোন রাস্তার উদ্বোধন:

যে ৩টি নতুন রাস্তার উদ্বোধন করা হয়েছে, সেগুলি হল:

  • পুন্ডরী গ্রাম পঞ্চায়েতের পান্না পুকুর প্রাথমিক বিদ্যালয় থেকে হাজরাপুকুর পর্যন্ত প্রায় ২.৪০ কিলোমিটার রাস্তা।

  • পুন্ডরী উচ্চ বিদ্যালয় থেকে ভাঙা দিঘী পর্যন্ত ২.১০ কিলোমিটার রাস্তা।

  • কুতুবপুর থেকে কেশরাইল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা।

জানা গিয়েছে, এই তিনটি রাস্তার দাবি আজকের নয়, এটি ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সেই দাবি পূরণ করায় গ্রামবাসীরা অত্যন্ত খুশি। এদিনের রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানে মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও স্থানীয় তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন।