সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট: মুহূর্তেই কেড়ে নিতে পারে প্রাণ, চিনে রাখুন লক্ষণ!

সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট (এসসিএ) একটি ভয়াবহ পরিস্থিতি, যখন হৃদপিণ্ড হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয়। এর ফলে রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই মস্তিষ্কের কার্যকারিতা লোপ পায়, যা রোগীর মৃত্যুর কারণ হতে পারে। সময়মতো সঠিক চিকিৎসা শুরু করা গেলে হয়তো রোগীকে বাঁচানো সম্ভব, অন্যথায় সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট নিমেষেই কার্ডিয়াক ডেথে পরিণত হতে পারে।

ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, হৃদরোগজনিত প্রায় ৫০ শতাংশ মৃত্যুর জন্য এই সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট দায়ী। হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হলে হৃৎপিণ্ডের স্বাভাবিক পাম্পিং ক্ষমতা কমে যায়, শ্বাসকষ্ট শুরু হয় এবং রোগী অজ্ঞান হয়ে পড়েন। শরীরে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এই লক্ষণগুলো দেখা দেয়। হৃদপিণ্ড কাজ করা বন্ধ করে দিলেই রোগী মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন। তবে দ্রুত চিকিৎসা এবং হাসপাতালে স্থানান্তর করা গেলে রোগীর জীবন রক্ষা করা সম্ভব।

তাই সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণগুলো সম্পর্কে সকলেরই অবগত থাকা জরুরি। তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক কার্ডিয়াক অ্যারেস্ট কেন হয় এবং এর চিকিৎসা পদ্ধতি কী?

সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের কারণ:

এসসিএ-এর সবচেয়ে সাধারণ কারণ হলো অ্যারিথমিয়া, যা হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সিস্টেমে গোলযোগের কারণে অনিয়মিত বা অস্বাভাবিক হৃদস্পন্দন সৃষ্টি করে। হৃৎপিণ্ডের স্বাভাবিক ছন্দ ব্যাহত হলেই অ্যারিথমিয়া হতে পারে। এছাড়াও, করোনারি হার্ট ডিজিজ, জন্মগত হৃদরোগ, হার্ট অ্যাটাক, ভালভুলার হার্ট ডিজিজ অথবা হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়ার মতো বিভিন্ন কারণেও হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি বৃদ্ধি পায়।

সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ:

এসসিএ-এর লক্ষণগুলো সাধারণত আকস্মিক এবং তীব্রভাবে দেখা দেয়। বেশিরভাগ রোগী এসসিএ-তে আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টা আগে নিম্নলিখিত লক্ষণগুলো অনুভব করতে পারেন:

১. হৃদস্পন্দন কমে যাওয়া (ব্র্যাডিকার্ডিয়া)
২. বুকে ব্যথা বা অস্বস্তি অনুভব করা
৩. হঠাৎ অচেতন হয়ে পড়া
৪. মাথা ঘোরা
৫. হালকা মাথাব্যথা অনুভব করা
৬. শরীরে দুর্বলতা লাগা
৭. শ্বাসকষ্ট হওয়া
৮. বুক ধড়ফড় করা (পালপিটেশন)
৯. ঘ্রাণশক্তি লোপ পাওয়া (কিছু ক্ষেত্রে)

সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের চিকিৎসা:

রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া গেলে, চিকিৎসকরা প্রাথমিকভাবে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) এবং ডিফিব্রিলেটর ব্যবহার করে রোগীর হৃদস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা করেন। ডিফিব্রিলেটর হলো এমন একটি ডিভাইস যা হৃৎপিণ্ডে বৈদ্যুতিক স্পন্দন বা শক পাঠিয়ে স্বাভাবিক হৃদস্পন্দন পুনরুদ্ধার করতে সাহায্য করে।

সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট একটি জীবন-হুমকির কারণ হতে পারে। তাই উপরের লক্ষণগুলো কারো মধ্যে দেখা গেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং জরুরি চিকিৎসা সেবা গ্রহণ করা অত্যন্ত জরুরি। সচেতনতা এবং দ্রুত পদক্ষেপই এক্ষেত্রে জীবন বাঁচাতে পারে।