রোজ খাচ্ছেন সাদা পাউরুটি? ডেকে আনছেন মারাত্মক রোগ! খাদ্যতালিকায় যোগ করুন আটার রুটি

দিনের শুরুতেই তাড়াহুড়ো। সামান্য কিছু মুখে দিয়েই ছুটতে হয় কাজের দিকে। আর হাতের কাছে যা সহজে মেলে, তার প্রতিই আমাদের ঝোঁক বেশি। সেই কারণেই হয়তো অনেকের প্রাতঃরাশে আজও অপরিহার্য হয়ে রয়েছে পাউরুটি। তবে প্রতিদিন সকালে যে সাদা পাউরুটি বা ময়দার তৈরি ব্রেড খাচ্ছেন, তাতেই লুকিয়ে রয়েছে নানা রোগের বীজ! সাদা পাউরুটির উপর ভরসা করে আমরা যে উপকারিতা আশা করি, তার বেশিরভাগটাই এতে পাওয়া যায় না। তাই সাদা ময়দার বদলে রোজের খাদ্যতালিকায় যোগ করুন আটার পাউরুটি।
শহরের বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর ও দোকানে ব্রাউন ব্রেড পাওয়া গেলেও, গ্রাম বা মফস্বলের দিকে আটার পাউরুটির সহজলভ্যতা তুলনামূলকভাবে কম। সেখানে সাদা পাউরুটির সরবরাহ বেশি থাকায় অনেকেই বাধ্য হয়ে সেটি খান। তবে চিকিৎসকদের মতে, ব্রাউন ব্রেড বা আটার পাউরুটি সাদা পাউরুটির চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর। কারণ, আটায় ময়দার চেয়ে ফাইবারের পরিমাণ বেশি থাকে। এই ফাইবার পেট ভরা রাখতে সাহায্য করে এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টির জোগান দেয়।
চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, আটার তুলনায় ময়দায় সোডিয়ামের মাত্রা বেশি থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শরীরে সোডিয়ামের অভাব যেমন ভালো নয়, তেমনই অতিরিক্ত সোডিয়ামও শরীরের জন্য ক্ষতিকারক। প্রতিদিন ময়দার পাউরুটি খেলে শরীরে সোডিয়ামের মাত্রা বাড়ে। তাই খাদ্যতালিকায় আটার পাউরুটি রাখা বুদ্ধিমানের কাজ। সম্ভব হলে ঘরে তৈরি রুটি খাওয়া আরও বেশি স্বাস্থ্যকর।
অন্যদিকে, সাদা পাউরুটিতে ফাইবারের পরিমাণ কম থাকার কারণে এটি খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। ফলে বারবার খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। এতে খিদে তো মেটেই না, উল্টে খাওয়ার প্রবণতা বাড়িয়ে ওজন বৃদ্ধি করে।
তাই স্বাস্থ্যকর জীবনযাপন করতে এবং বিভিন্ন রোগ থেকে বাঁচতে আজ থেকেই আপনার প্রাতঃরাশে সাদা পাউরুটির বদলে আটার পাউরুটি যোগ করুন। এটি কেবল আপনার পেটই ভরাবে না, শরীরের প্রয়োজনীয় পুষ্টিরও জোগান দেবে।