রিমুভার ছাড়াই তুলুন নখের নেলপলিশ, রইল সহজ উপায়

নখ সাজানোর অন্যতম অনুষঙ্গ হল নেলপলিশ। পছন্দের রঙে নখ রাঙাতে অনেকেই ভালোবাসেন। তবে নেলপলিশ ব্যবহারের পর তা তোলার প্রয়োজনও হয়। সাধারণত এর জন্য নেলপলিশ রিমুভার ব্যবহার করা হয়। কিন্তু অনেক সময় এটি ফুরিয়ে যেতে পারে বা হাতের কাছে নাও থাকতে পারে। এমন পরিস্থিতিতে কী করবেন? চিন্তা নেই! আজ জেনে নিন রিমুভার ছাড়াই নেলপলিশ তোলার কয়েকটি সহজ উপায়:
হ্যান্ড স্যানিটাইজার: করোনা মহামারির পর হ্যান্ড স্যানিটাইজার এখন প্রায় সকলের ব্যাগেই থাকে। নেলপলিশ রিমুভার হাতের কাছে না থাকলে, এটি দিয়েই নেলপলিশ তুলতে পারেন। সামান্য পরিমাণে স্যানিটাইজার নখের উপর স্প্রে করুন। এরপর তুলো দিয়ে হালকাভাবে ঘষে নিন। নেলপলিশ সহজেই উঠে যাবে।
পারফিউম: নিজেকে সুরভিত রাখতে যে পারফিউম ব্যবহার করেন, সেটিও নেলপলিশ রিমুভারের বিকল্প হতে পারে। হ্যান্ড স্যানিটাইজারের মতোই অল্প পরিমাণে পারফিউম নখের উপর স্প্রে করুন। এরপর টিস্যু দিয়ে ধীরে ধীরে ঘষে নিন। নেলপলিশ উঠে যাবে। তবে নখে কখনোই জোরে ঘষা দেবেন না।
ডিওডোরেন্ট: ঘামের দুর্গন্ধ দূর করতে ব্যবহৃত ডিওডোরেন্টও নেলপলিশ তুলতে সাহায্য করতে পারে। প্রথমে নখের উপর সামান্য ডিওডোরেন্ট স্প্রে করুন। তারপর তুলো দিয়ে হালকা করে ঘষে নিন। প্রথমবার নাও উঠতে পারে, সেক্ষেত্রে দু’বার ব্যবহার করতে পারেন।
টুথপেস্ট: টুথপেস্ট দাঁত পরিষ্কার করার কাজে লাগে, একথা সকলেরই জানা। তবে এটি দিয়ে নেলপলিশও তোলা সম্ভব। প্রথমে নখের উপর সামান্য টুথপেস্ট নিন। এরপর পুরোনো টুথব্রাশ দিয়ে হালকা করে নখের উপর ঘষতে থাকুন। টুথপেস্টে ইথানল থাকে, যা নেলপলিশ রিমুভারেও ব্যবহার করা হয়।
এই সহজ উপায়গুলো অবলম্বন করে আপনি যখন খুশি নখের নেলপলিশ তুলতে পারবেন, রিমুভার হাতের কাছে না থাকলেও আর চিন্তা নেই!