উচ্চ রক্তচাপের রোগীদের জন্য প্যারাসিটামল ডেকে আনতে পারে মারাত্মক বিপদ!

উচ্চ রক্তচাপে (হাইপারটেনশন) ভোগা রোগীদের ক্ষেত্রে প্যারাসিটামলের ব্যবহার হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে বলে সতর্ক করেছেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের গবেষণা ফলাফলে চিকিৎসকদের দীর্ঘ সময়ের জন্য রোগীদের প্রেসক্রিপশনে প্যারাসিটামল লেখার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জ্বর, সর্দি-কাশি, মাথাব্যথা বা সাধারণ যে কোনও ব্যথা হলেই প্যারাসিটামল খাওয়ার প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। তবে নতুন এই গবেষণা বলছে, যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের ক্ষেত্রে প্রতিদিন প্যারাসিটামল সেবন হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি করে।
গবেষকরা বিশেষভাবে জোর দিয়েছেন যে, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের প্যারাসিটামল দেওয়ার আগে চিকিৎসকদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।
এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা উচ্চ রক্তচাপে আক্রান্ত ১১০ জন রোগীর ওপর এই গবেষণা চালান। অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় দুই তৃতীয়াংশ রোগী হয় উচ্চ রক্তচাপে ভুগছিলেন অথবা উচ্চ রক্তচাপের জন্য নিয়মিত ওষুধ সেবন করছিলেন। গবেষণায় দেখা গেছে, এই রোগীদের প্রতি তিনজনের মধ্যে একজনের দেহে প্যারাসিটামলের বিরূপ প্রভাব লক্ষ্য করা গেছে।
গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাত্র চার দিনের মধ্যে প্যারাসিটামল গ্রহণকারী রোগীদের রক্তচাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এই কারণে, তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা বহুলাংশে বেড়ে যায়।
তবে গবেষকরা জানিয়েছেন, জ্বরসহ তীব্র মাথাব্যথার মতো স্বল্পমেয়াদী সমস্যার জন্য কিছু ক্ষেত্রে এই ওষুধটির ব্যবহারে তেমন ঝুঁকি নেই। কিন্তু তারা জোর দিয়ে বলেছেন, যে কোনও ওষুধ সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সাধারণত প্যারাসিটামল-জাতীয় ওষুধ কেনার আগে ওষুধের গায়ে লেখা উপাদানগুলি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষত প্যারাসিটামল এবং ডি-এল মেথিওনিনের মিশ্রণযুক্ত ওষুধগুলি এড়িয়ে চলার কথা বলা হয়েছে।
বিশেষজ্ঞরা আরও উল্লেখ করেছেন যে, মাঝে মাঝে প্যারাসিটামল খেলে দুশ্চিন্তার তেমন কোনো কারণ নেই। তবে দীর্ঘমেয়াদী এবং নিয়মিত প্যারাসিটামল সেবন প্রাণঘাতী হতে পারে।
দীর্ঘস্থায়ী ব্যথায় যারা প্যারাসিটামল নিতে বাধ্য হন, তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য আলাদা ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষকরা।
উল্লেখ্য, উচ্চ রক্তচাপের কারণে প্রতি বছর শুধুমাত্র ব্রিটেনে প্রায় ৭৫ হাজার এবং যুক্তরাষ্ট্রে প্রায় ৫ লাখ রোগীর মৃত্যু হয়। এই নতুন গবেষণা প্যারাসিটামলের ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা তুলে ধরল।