রান্নাঘর থেকে মাছের আঁশটে গন্ধ দূর করার ৫টি সহজ উপায়! ওভেনে লেবু বেক করা থেকে দারচিনি-এলাচ ফোটানো—জেনে নিন ম্যাজিক টিপস!

নিয়মিত পরিষ্কার করার পরেও রান্নাঘরে অনেক সময় মাছ-মাংসের আঁশটে বা স্যাঁতসেঁতে গন্ধ থেকে যায়, যা অস্বস্তির সৃষ্টি করে। তবে কিছু সহজ ঘরোয়া উপায়ে আপনি রান্নাঘরের এই অপ্রীতিকর গন্ধ সহজেই দূর করতে পারেন এবং একটি ফ্রেশ মিষ্টি সুবাস ছড়িয়ে দিতে পারেন।
আঁশটে গন্ধ দূর করার ৫টি কার্যকরী কৌশল:
১। ওভেনে লেবু বেক করুন: রান্নাঘরের স্যাঁতসেঁতে গন্ধ দূর করতে তিনটি লেবু পিস করে কেটে নিন। এবার ২২৫ ডিগ্রি সেলসিয়াস (প্রায় ৪৪০ ডিগ্রি ফারেনহাইট)-এ প্রি-হিট করা ওভেনে লেবুর টুকরোগুলি বেক করুন। এরপর ওভেনের দরজা খুলে কয়েক ঘণ্টা রেখে দিন। লেবুর প্রাকৃতিক সুবাস ঘরের দুর্গন্ধ শোষণ করে নেবে।
২। মশলা ফোটান: ঘরের গুমোটভাব দূর করে মিষ্টি সুবাস ছড়িয়ে দিতে দুই কাপ জলে ৬টি এলাচ, দুই টুকরো দারচিনি এবং কয়েকটি তেজপাতা দিয়ে ফুটিয়ে নিন। এবার চুলার আঁচ একদম কমিয়ে দিন। কিছুক্ষণ পর অনুভব করবেন যে পুরো বাড়িতে ফ্রেশ মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়েছে।
৩। মাছের গন্ধ তাড়াতে তেল ও দারচিনি: মাছের আঁশটে বা উগ্র গন্ধ দূর করার জন্য অল্প অলিভ অয়েলের (জলপাই তেল) মধ্যে এক টুকরো দারচিনি দিয়ে কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখুন। দারচিনির সুগন্ধ দ্রুত মাছের গন্ধকে প্রতিস্থাপন করবে।
৪। ডাস্টবিন পরিষ্করণ: ময়লা রান্নাঘরে জমিয়ে রাখবেন না। শুকনো ও ভেজা ময়লা আলাদা বাক্সে রাখুন। প্রতিবার নোংরা বাইরে ফেলার পর অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিনার দিয়ে ডাস্টবিন ভালো করে ধুয়ে নিন এবং রোদে শুকিয়ে নিন। ডাস্টবিনের কারণে হওয়া দুর্গন্ধ দূর হবে।
৫। সিঙ্কের দুর্গন্ধ দূর: অনেক সময় সিঙ্কের পাইপে আটকে থাকা খাবারের কারণে দুর্গন্ধ হয়। এই সমস্যা দূর করতে সিঙ্কের খোলা মুখে ১ কাপ ভিনিগার ও ১ কাপ বেকিং সোডা মিশিয়ে ঢেলে দিন। আধঘণ্টা পর প্রচুর জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে সিঙ্কের পাইপ পরিষ্কার হবে এবং দুর্গন্ধ দূর হবে।