সম্পর্কের মধ্যে ঝগড়া হওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু রাগের মাথায় বলা কিছু কঠোর শব্দ সম্পর্কের স্থায়ী ক্ষতি করতে পারে। অনেক সময় রাগের তোড়ে আমরা এমন কিছু বলে ফেলি যা পরে চাইলেও ফিরিয়ে নেওয়া সম্ভব হয় না। সম্পর্কের গভীরতা বজায় রাখতে রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করা জরুরি।
সবচেয়ে ক্ষতিকর হলো সম্পর্কের ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা। যেমন— “আমাদের সম্পর্কটা টিকবে না” বা “তোমার সাথে আমার আর থাকা সম্ভব নয়”। এমন কথা সঙ্গীর মনে গভীর আস্থার অভাব তৈরি করে। এছাড়া, সঙ্গীর অতীত নিয়ে খোঁচা দেওয়া বা ব্যক্তিগত আক্রমণ করা থেকে বিরত থাকুন। “সব দোষ তোমার” বা “তুমি কখনোই বদলাবে না”—এই জাতীয় বাক্য সঙ্গীর আত্মসম্মানে আঘাত করে এবং সমস্যার সমাধানের বদলে দূরত্ব বাড়িয়ে দেয়।
সবচেয়ে বড় ভুল হলো তুলনা করা। “অন্যদের পার্টনার তোমার চেয়ে ভালো”—এই কথাটি সঙ্গীকে মানসিকভাবে বিধ্বস্ত করে ফেলে। ঝগড়ার সময় অতীত টেনে আনা বা অপমানজনক শব্দ ব্যবহার করা সম্পর্কের বিষাক্ততার কারণ হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, রাগ সাময়িক, কিন্তু আঘাত অনেক সময় সারাজীবনের। তাই উত্তপ্ত তর্কে জড়িয়ে পড়লে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে কিছুক্ষণ চুপ থাকা বা পরিস্থিতি থেকে সাময়িক বিরতি নেওয়া বুদ্ধিমানের কাজ। সম্পর্কের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখলেই ভালোবাসা টিকে থাকে দীর্ঘকাল।