মোবাইল ফোন ফিঙ্গার: ডিজিটাল যুগে আঙুলের নতুন বিপদ, সতর্ক করলেন অভিনেতা আর মাধবন

আজকের প্রযুক্তিনির্ভর যুগে মোবাইল ফোন ও ল্যাপটপ আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। কথোপকথন, খবর পড়া, অনলাইন কেনাকাটা—সব কিছুতেই মোবাইল ফোনে নির্ভরশীল আমরা। তবে এই অতিরিক্ত ব্যবহার আমাদের শরীরের উপর বিরূপ প্রভাব ফেলতে শুরু করেছে। বিশেষ করে, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে ‘ট্রিগার ফিঙ্গার’ নামে এক নতুন সমস্যা দেখা দিচ্ছে বহু মানুষের মধ্যে। এই সমস্যার ফলে আঙুলে ব্যথা, ফোলাভাব ও আঙুল শক্ত হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।
সম্প্রতি এক অনুষ্ঠানে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আর মাধবন এই সমস্যা নিয়ে সবাইকে সচেতন করেন। নিজে ফিটনেস ও স্বাস্থ্য নিয়ে অত্যন্ত সচেতন এই অভিনেতা ডিজিটাল ডিটক্স ও পরিমিত গ্যাজেট ব্যবহারের পক্ষে মত দেন।
তিনি বলেন,
“যে হাতে ফোন ধরি এবং অন্য হাত দিয়ে যেভাবে আমরা ব্যবহার করি, একবার সেই দু’হাতের আঙুল ছুঁয়ে দেখলেই বোঝা যাবে পার্থক্য। আমার নিজেরও এই সমস্যা হয়েছে।”
বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে প্রায় ২০ শতাংশ মানুষ এই সমস্যায় ভুগছেন। ফলে সময় থাকতে সচেতন হওয়া অত্যন্ত জরুরি।
কী এই মোবাইল ফোন ফিঙ্গার বা ট্রিগার ফিঙ্গার?
ঘণ্টার পর ঘণ্টা ধরে ফোন স্ক্রল করা, টাইপ করা কিংবা একহাতে মোবাইল ধরে থাকার কারণে আমাদের আঙুলে এবং কবজিতে চাপ পড়ে। এর ফলে শিরা ফুলে যাওয়া, ব্যথা এবং আঙুল বাঁকা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এই অবস্থাকেই চিকিৎসা বিজ্ঞানে ‘ট্রিগার ফিঙ্গার’ বলা হয়।
লক্ষণগুলি কী কী?
দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের পর সকালে আঙুল শক্ত হয়ে যায়
আঙুল নাড়াতে অসুবিধা হয়
আঙুল বা তালুতে চাকা বা পিণ্ডের মতো ফোলাভাব দেখা দেয়
আঙুল সোজা বা বাঁকা করতে গেলে ব্যথা অনুভব হয়
প্রতিকার কী?
প্রথমেই মোবাইল ফোনের ব্যবহার কমাতে হবে
বিশ্রাম নিতে হবে আঙুল ও কবজিকে
দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের পরিবর্তে ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা
গুরুতর সমস্যায় অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি
অতএব, ডিজিটাল দুনিয়ার এই আধুনিক অভ্যাসগুলিকে একটু নিয়ন্ত্রণে আনলে নিজেকে অনেক বড় শারীরিক সমস্যার হাত থেকে রক্ষা করা সম্ভব। প্রযুক্তি দরকার, তবে স্বাস্থ্য তার থেকেও জরুরি—এই বার্তাই যেন দিয়ে গেলেন আর মাধবন।