ভুল করে চুইংগাম গিলে ফেলেছেন? ভয় নেই, জানুন এর পরিণতি!

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সবসময় মুখে চুইংগাম রাখতে পছন্দ করেন। মুখের দুর্গন্ধ দূর করা থেকে শুরু করে মুখের মেদ কমানো, এমনকি মুড ভালো রাখার জন্যও চুইংগামের ব্যবহার বেশ প্রচলিত। তবে ভুল করে চুইংগাম গিলে ফেললে কী হবে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে।
অনেকের ধারণা, চুইংগাম গিলে ফেললে তা পেটে অনেক দিন পর্যন্ত থেকে যায় এবং নানা জটিলতা সৃষ্টি করে। তবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ল্যাঙ্গোন মেডিকেল সেন্টারের গবেষণার বরাতে স্বাস্থ্য ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রতিবেদনে এই ধারণা ভুল বলে জানানো হয়েছে।
চুইংগামের প্রভাব:
চুইংগাম চিবানোর সময় যদি অসাবধানতাবশত গিলে ফেলেন, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অন্যান্য খাবারের মতোই এটিও হজম হয়, তবে কিছুটা বেশি সময় লাগে। আমাদের পাচনতন্ত্রে অ্যাসিড ও এনজাইম রয়েছে, যা চুইংগামের উপাদানগুলোকে ভাঙতে সাহায্য করে।
হজম হতে কতক্ষণ লাগে?
সাধারণ খাবার হজম হতে কয়েক ঘণ্টা সময় লাগে। তবে চুইংগাম গিলে ফেললে তা সহজে হজম হতে কিছুটা বেশি সময় নেয়, সাধারণত দুই থেকে তিন দিন। এর কারণ হল, সবার পাচনতন্ত্রের কার্যকারিতা একরকম নয়। কারো ক্ষেত্রে এটি দুই থেকে তিন দিনের মধ্যেই হজম হয়ে যায়, আবার কারো ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। গবেষণায় দেখা গেছে, চুইংগাম গিলে ফেলার পর তা সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত পেটে থাকতে পারে। এরপর তা সম্পূর্ণরূপে হজম হয়ে যায় এবং শরীর থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় বেরিয়ে যায়। তাই ভুল করে চুইংগাম গিলে ফেললে তেমন দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, আপনি চাইলে এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।