প্রেমের অভিধানে নতুন সংযোজন ‘ন্যানোশিপ’! জানুন এই ক্ষণিকের ভালো লাগার সম্পর্কের মানে

প্রেমের ভাষা সময়ের সঙ্গে সঙ্গে বদলায়। কভিড পরবর্তী সময়ে বেশ কিছু নতুন শব্দবন্ধের ব্যবহার বেড়েছে, যাদের হয়তো কোনো গতানুগতিক অভিধানে ঠাঁই নেই। ‘সিচুয়েশনশিপ’, ‘ব্রেডক্রাম্বিং’, ‘থ্রোইং’, ‘রেড ফ্ল্যাগ’-এর মতো শব্দগুলো এখনকার প্রজন্মের কাছে পরিচিত। আর এই তালিকায় নবতম সংযোজন হলো ‘ন্যানোশিপ’।
ছোট ভাবনা নাকি ন্যানোশিপ?
‘ন্যানোশিপ’ শব্দটি হয়তো অনেকের কাছে নতুন, তবে ‘লিটল থিঙ্কস’ বা ছোট ছোট আনন্দদায়ক মুহূর্তের ধারণাটি বেশ পরিচিত। এই ছোট ছোট বিষয় বা মুহূর্তের মাধ্যমেই অনেক সম্পর্ক মজবুত হয়। ‘ন্যানোশিপ’-এর ধারণা কিছুটা তেমনই, তবে এর প্রেক্ষাপট ভিন্ন। দৈনন্দিন জীবনে এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের দেখা হয়। এই দেখা এবং প্রাথমিক যোগাযোগের ধরণকেই ‘ন্যানোশিপ’ শব্দটি ব্যাখ্যা করে।
উদাহরণস্বরূপ বলা যায়, বাসে আপনার পাশে বসা কোনো অপরিচিত ব্যক্তির দিকে তাকিয়ে আপনি হাসলেন এবং তিনিও প্রতি উত্তরে হাসলেন। এই হাসির আদান-প্রদান মুহূর্তের মধ্যেই দুজনের মন ভালো করে দিতে পারে। এটাই ‘ন্যানোশিপ’। হয়তো সেই ব্যক্তির সঙ্গে আপনার আর কখনো দেখা হবে না, কিন্তু তার হাসিটুকু আপনাকে ক্ষণিকের জন্য হলেও আনন্দ দিয়ে গেল।
প্রেম ও ডেটিং থেকে আলাদা ন্যানোশিপ:
জীবনে এমন অনেক মানুষ আসেন যারা ক্ষণিকের জন্য হলেও আনন্দ দিয়ে যান। এই ক্ষণস্থায়ী ভালো লাগার অনুভূতিকেই ‘ন্যানোশিপ’ বলা হচ্ছে। গতানুগতিক প্রেম, ডেটিং বা দীর্ঘস্থায়ী সম্পর্কের ধারণার থেকে এটি সম্পূর্ণ আলাদা। এখানে কোনো চাওয়া-পাওয়া বা প্রতিশ্রুতি থাকে না, থাকে কেবল ভালো লাগার অনুভূতি। ধরুন, আপনি কোথাও ঘুরতে গিয়েছেন এবং সেখানে অন্য কোনো ভ্রমণপিপাসুর সঙ্গে আপনার দেখা হলো। দুজনে মিলে দীর্ঘক্ষণ গল্প করলেন এবং এতে দুজনেই আনন্দ পেলেন। এটিও এক ধরনের ‘ন্যানোশিপ’, যা সম্পর্কের ক্ষেত্রেও কাজ করতে পারে, তবে তা ‘লিটল থিঙ্কস’-এর মতোই ক্ষণস্থায়ী।
প্রযুক্তির হাত ধরে নতুন ডেটিং সংস্কৃতি:
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ডেটিংয়ের পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। একসময় অনলাইনে মনের মানুষের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ফেসবুক বা ইনস্টাগ্রাম। এখন সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ডেটিং অ্যাপগুলোতেও সঙ্গী খোঁজার প্রবণতা বেড়েছে। তেমনই একটি জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডার। টিন্ডারের একটি সমীক্ষা থেকেই ‘ন্যানোশিপ’ শব্দটির জন্ম হয়েছে।
গতানুগতিক প্রেমের বাইরে নতুন সম্পর্কের আকাঙ্ক্ষা:
টিন্ডারের বছর শেষের রিপোর্ট ‘ইয়ার ইন সোয়াইপে’ ‘ন্যানোশিপ’-এর উল্লেখ ও ব্যাখ্যা করা হয়েছে। ১৮-৩৪ বছর বয়সী প্রায় ৮ হাজার সিঙ্গেল এবং সম্পর্কে থাকা মানুষের মধ্যে করা সমীক্ষায় দেখা গেছে, ছোট ছোট এবং আপাতদৃষ্টিতে অ-রোমান্টিক কথোপকথনও মানুষের কাছে গভীর অর্থ বহন করে।
বর্তমান সময়ে অনেক সিঙ্গেল মানুষই মনে করেন, অচেনা মানুষের সঙ্গে কাটানো ছোট্ট মুহূর্তও জীবনে আনন্দ এনে দিতে পারে। এই ধারণা থেকেই ‘ন্যানোশিপ’-এর উৎপত্তি। অন্যদিকে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ গতানুগতিক দীর্ঘমেয়াদী সম্পর্কের বাইরেও নতুন ধরনের সংযোগ খুঁজছে। ভালোবাসা পেতে কে না চায়? তাই কোনো সম্পর্কে না জড়িয়ে, কোনো রকম প্রতিশ্রুতি ছাড়াই মানুষের সঙ্গে মিশতে চাওয়ার প্রবণতা বাড়ছে। ‘ন্যানোশিপ’ এই প্রক্রিয়াটিকে সহজ করে তুলছে। যারা অন্তর্মুখী এবং সমাজ থেকে কিছুটা বিচ্ছিন্ন, তাদের জন্য এই শব্দটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সমীক্ষায় দেখা গেছে, যারা কোনো স্থায়ী সম্পর্কে না জড়িয়ে ভালোবাসা এবং অন্তরঙ্গতা পেতে চান, তাদের মধ্যে ‘ন্যানোশিপ’ শব্দটি বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেছে।