প্রাক্তন কেন বারবার স্বপ্নে আসে? ভালোবাসা নাকি অন্য কোনো কারণ?

পুরনো সঙ্গীকে ভুলে নতুন করে জীবন শুরু করতে চাইছেন, অথচ স্বপ্নে সে বারবার ফিরে আসছে? অনেকেই হয়তো ভাবেন এর অর্থ কি প্রাক্তনের প্রতি ভালোবাসা এখনও রয়ে গেছে? বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি সবসময় এমন নাও হতে পারে। এর পেছনে থাকতে পারে আরও কিছু মনস্তাত্ত্বিক কারণ।

স্বপ্নে প্রাক্তনকে দেখার বেশ কিছু কারণ বিশ্লেষণ করেছেন মনোবিজ্ঞানীরা:

অব্যক্ত অনুভূতি: অনেক সময় ব্রেকআপের সময় প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার প্রতি ক্ষোভ, অভিমান বা অন্য কোনো অনুভূতি সঠিকভাবে প্রকাশ করা হয়ে ওঠে না। সেই অব্যক্ত কথা বা শূন্যতা মনের গভীরে রয়ে যায়, যা অবচেতন মনে স্বপ্নে ফিরে আসে।
অতীতের ভুলের পুনরাবৃত্তি এড়ানো: নতুন সম্পর্কের ক্ষেত্রে হয়তো আপনি অতীতের ভুলগুলো পুনরাবৃত্তি করতে চাইছেন না। নতুন ভালোবাসাকে নিজের মতো করে সাজিয়ে নিতে গিয়ে অবচেতন মনে বারবার অতীতের সঙ্গে বর্তমানের তুলনা করেন, যা স্বপ্নে প্রাক্তনের রূপে দেখা দিতে পারে।
অতিরিক্ত প্রভাব: এমনও হতে পারে যে আপনি প্রাক্তন সম্পর্কে এতটাই গভীরভাবে জড়িয়ে পড়েছিলেন যে তা আপনার মনকে দারুণভাবে প্রভাবিত করেছিল। জীবনের কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে সেই স্মৃতি মনে পড়ে এবং অবচেতন মনের গভীরে প্রতিপালিত হয়ে স্বপ্নেও চলে আসে।
ভয় ও ভুলে যাওয়ার চেষ্টা: নতুন সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের ভয় কাজ করতে পারে। আপনি সেই ভয় কাটিয়ে উঠতে চান এবং অতীতকে ভুলে যেতে চান। কিন্তু কীভাবে ভুলবেন, সেই প্রশ্নই বারবার মনের গভীরে উঠতে থাকে। এই মানসিক টানাপোড়েনও স্বপ্নে প্রাক্তনকে বা অতীতের কোনো ঘটনাকে ফিরিয়ে আনতে পারে।
একাকীত্ব: ব্রেকআপের পর নতুন সম্পর্কে জড়ানোর পরেও অনেকে অতীতকে পুরোপুরি ভুলতে পারেন না। একা থাকলে ফেলে আসা জীবনের কথা বেশি করে মনে পড়ে। এই একাকীত্বের বোধও প্রাক্তনকে স্বপ্নে ফিরিয়ে আনার একটি কারণ হতে পারে।