টিভি, মোবাইল-কম্পিউটারে সন্তানের চোখের ক্ষতি? ৪টি সহজ উপায়ে সুরক্ষা দিন!

বর্তমান ডিজিটাল যুগে টিভি, কম্পিউটার বা মোবাইল ফোনের মতো স্ক্রিনে অধিক সময় চোখ রাখার কারণে শিশুদের চোখের আকার পরিবর্তিত হয়ে যাওয়ার মতো গুরুতর সমস্যার কথা বলছেন চিকিৎসকরা। এই সমস্যা ছোটদের মধ্যেই বেশি দেখা যাচ্ছে, যা তাদের দীর্ঘমেয়াদী চোখের স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হতে পারে। তবে চিন্তার কিছু নেই, মাত্র চারটি সহজ নিয়ম মেনে চললেই আপনার সন্তানের চোখকে এই ডিজিটাল বিপদ থেকে রক্ষা করা সম্ভব।

সন্তানের চোখের সুরক্ষায় ৪টি গুরুত্বপূর্ণ নিয়ম:
১. ২০-২০ নিয়ম মেনে চলুন:
আপনার সন্তানকে একটানা স্ক্রিনের সামনে বসে থাকতে দেবেন না। প্রতি ২০ মিনিট পর কমপক্ষে একবার করে বিরতি নিতে বলুন এবং উৎসাহিত করুন। এই বিরতির সময় তাকে ২০ সেকেন্ডের জন্য ২০ বার পলক ফেলতে বলুন। এতে চোখ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং চোখের ওপর চাপ কমে।

২. স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখুন:
কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা যতটা সম্ভব কমিয়ে রাখতে হবে। এতে স্ক্রিন থেকে নির্গত অতিরিক্ত ক্ষতিকারক রশ্মি থেকে সন্তানের চোখ রক্ষা পাবে। রাতে মোবাইল ব্যবহারের প্রয়োজন পড়লে তার ‘নাইট মোড’ বা ‘রিডিং মোড’ অন করে দেখতে বলুন, যা চোখের ওপর চাপ কমায়।

৩. ছোট স্ক্রিনের বদলে বড় স্ক্রিন ব্যবহার:
চিকিৎসকরা ছোট স্ক্রিনের বদলে বড় স্ক্রিন ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। বড় স্ক্রিনে ছবি বা লেখা দেখতে চোখের ওপর তুলনামূলকভাবে কম চাপ পড়ে, কারণ সেক্ষেত্রে চোখের পেশিগুলিকে বেশি সংকুচিত হতে হয় না।

৪. নিয়মিত চোখের চেক-আপ ও প্রাকৃতিক বিশ্রাম:
মাঝেমধ্যেই সন্তানের চোখের রুটিন চেক-আপ করিয়ে নিতে হবে। যদি সন্তানের মাথা যন্ত্রণা বা চোখে ব্যথা হয়, তাহলে অকারণ ওষুধ না খাইয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। অবসর সময়ে সন্তানকে চোখ বন্ধ করে বিশ্রাম নিতে বলুন। সম্ভব হলে, তাকে নিয়মিত সবুজ ঘাস কিংবা গাছগাছালির দিকে তাকিয়ে থাকার সুযোগ করে দিন। সবুজ প্রকৃতির দিকে তাকিয়ে থাকা চোখের পেশিগুলোকে আরাম দেয় এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।