প্রতিদিনের রুটি হোক আরও পুষ্টিকর: সুস্বাদু উপাদানে ভরপুর স্বাস্থ্যকর সকাল!

ভাত আমাদের প্রধান খাদ্য হলেও, রুটি খাওয়ার প্রচলনও বহু বাড়িতে রয়েছে। সকালের নাশতা কিংবা রাতের খাবারে অনেকে ভাতের বদলে রুটিকেই বেছে নেন। রুটিতে গ্লাইসেমিক ইনডেক্স কম থাকায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। আটা বা ময়দায় থাকে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ, যা শরীরের জন্য উপকারী। আপনার প্রতিদিনের এই রুটিকেই আরও বেশি সুস্বাদু ও পুষ্টিকর করে তুলতে এর সঙ্গে কিছু সাধারণ উপকরণ মিশিয়ে নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সেইসব উপায়গুলো:

রুটির পুষ্টিগুণ বাড়ানোর সহজ উপায়:
১. পালংশাক: শীতের অন্যতম উপকারী সবজি হলো পালংশাক। আপনার রুটি তৈরির খামিরের সঙ্গে এই সবুজ শাক মিশিয়ে নিতে পারেন। পালংশাক ব্লেন্ড করে পেস্ট তৈরি করে তা আটার সঙ্গে মেখে নিন। এক্ষেত্রে আলাদা করে জল মেশানোর প্রয়োজন হবে না। পালংশাকে থাকা মিনারেল, ভিটামিন, ফাইটো নিউট্রিয়েন্টস রুটিকে আরও পুষ্টিকর করে তোলে।

২. ঘি: গরম ভাতে ঘি মিশিয়ে খাওয়া অনেকেরই প্রিয়। তবে রুটি তৈরির সময়ও ঘি মিশিয়ে উপকার পেতে পারেন। রুটি বানানোর পরেও এর সঙ্গে ঘি মেখে নিলে রুটি নরম থাকবে অনেকক্ষণ। ঘিতে থাকা বিভিন্ন খনিজ উপাদান এবং স্যাচুরেটেড ফ্যাট মস্তিষ্কের জন্য উপকারী। রুটিতে ঘি মাখিয়ে খেলে তা গ্লুটেন ও ফাইবার হজম করা সহজ করে। এছাড়া, ঘি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ, ডি, ই ও কে-এর চমৎকার উৎস।

৩. ড্রাইফ্রুটস পাউডার: ড্রাইফ্রুটস বা শুকনো ফল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। আপনার রুটিতে বাড়তি পুষ্টি যোগ করতে এর পাউডার মিশিয়ে নিতে পারেন। রুটি তৈরির সময় আটার সঙ্গে ১ থেকে ২ টেবিল চামচ (২-৩টি রুটির জন্য এই পরিমাণ) ড্রাইফ্রুটস পাউডার মিশিয়ে নিন। এভাবে তৈরি করা রুটি সকালে খেলে তা সারাদিন আপনাকে সতেজ ও শক্তিশালী রাখতে সাহায্য করবে। সবদিন একইভাবে রুটি তৈরি না করে, একেকদিন একেক উপাদানে তৈরি করে খেলে স্বাদ এবং পুষ্টি দুটোই বজায় থাকবে।

৪. বিভিন্ন মসলা: রুটির সাধারণ স্বাদে পরিবর্তন আনতে চাইলে এর সঙ্গে বিভিন্ন ধরনের মসলা মিশিয়ে নিতে পারেন। এতে কেবল স্বাদই বদলাবে না, যোগ হবে বাড়তি পুষ্টিও। রুটি তৈরির আটার সঙ্গে আমচুর পাউডার, ভাজা মসলা, লবণ, গোলমরিচ গুঁড়া ইত্যাদি পরিমাণমতো মিশিয়ে নিতে পারেন। এভাবে তৈরি করলে রুটি সবারই পছন্দ হবে।