পুরুষদের শার্টের পেছনে ছোট্ট লুপটি কেন থাকে জানেন? ইতিহাস চমকে দেবে!

পুরুষদের শার্টের ঠিক কাঁধের নিচে একটি ছোট্ট লুপ দেখা যায়। অনেকেই হয়তো এর কার্যকারিতা নিয়ে মাথা ঘামান না, এমনকি অনেকে এর নামও জানেন না। কিন্তু এই লুপটি শুধু ফ্যাশনের অংশ নয়, এর রয়েছে এক বিশেষ এবং ঐতিহাসিক প্রেক্ষাপট।
পুরুষদের ফ্যাশনে বহু পরিবর্তন এসেছে, তবে ষাটের দশক থেকে এই লুপটি শার্টের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। কিন্তু কেন এই লুপ আজও টিকে আছে?
জানা যায়, এই ধরনের লুপকে বলা হত ‘লকার লুপ’। এর জন্ম মূলত পূর্ব উপকূলের নাবিকদের প্রয়োজন মেটাতে। দিনের পর দিন সমুদ্রে কাটানো নাবিকদের পোশাক শুকানো এবং গুছিয়ে রাখার সমস্যা ছিল। হ্যাঙ্গার ছাড়াই কোনো তারে জামা ঝুলিয়ে দেওয়ার জন্যই পোশাকের এই বিশেষ অংশটি যুক্ত করা হয়েছিল। এই লুপের সাহায্যে জামা ঝুলিয়ে দিলে তা সহজেই শুকিয়ে যেত এবং তাতে তেমন ভাঁজও পড়ত না। ফলে পরিষ্কার এবং ভাঁজমুক্ত পোশাক পরেই আবার কাজে যোগ দিতে পারতেন নাবিকরা। অনেক সময় জাহাজের হুকেও তাঁরা এই লুপ ব্যবহার করে জামা ঝুলিয়ে রাখতেন। ফ্যাশনের দুনিয়ায় এই লুপ ‘লকার লুপস’ নামেই পরিচিতি পায়।
নাবিকদের ব্যবহারিক প্রয়োজন থেকে এই লুপ একসময় স্থলভূমিতেও জনপ্রিয়তা লাভ করে। ফ্যাশন জগতে এটি রীতিমতো আলোড়ন সৃষ্টি করে। সময়ের সাথে সাথে নাবিকদের সেই প্রয়োজন হয়তো আর নেই, কিন্তু ফ্যাশনের জগত থেকে এই লুপের বিদায় হয়নি। আর তাই আজও পুরুষদের পোশাকে দেখা যায় সেই ছোট্ট ‘লকার লুপস’। এটি ‘ফ্রুট লুপস’ নামেও পরিচিতি লাভ করে।
আশ্চর্যজনকভাবে, আধুনিক সময়ে কোথাও কোথাও এই ‘ফ্রুট লুপ’ ছেলেদের রিলেশনশিপ স্ট্যাটাস নির্ধারণেও ভূমিকা রাখত! এমন রেওয়াজও ছিল যে, মহিলারা তাদের পছন্দের পুরুষের শার্টের লকার লুপটি ছিঁড়ে দিতেন, যা তাদের পছন্দের নীরব বার্তা বহন করত। আবার আইভি লিগ ডেটিং সংস্কৃতিতে পুরুষরা তাদের ‘কমিটেড’ অবস্থা বোঝাতে নিজেরাই লুপটি ছিঁড়ে রাখতেন – অনেকটা এনগেজমেন্ট রিংয়ের মতোই কাজ করত এই লুপ!
তবে বর্তমানে সেইসব সামাজিক রীতিনীতি আর তেমন প্রচলিত নেই। এখন সেই ছোট্ট লুপটি মূলত ফ্যাশনের একটি অংশ হিসেবেই পুরুষদের শার্টের পেছনে টিকে আছে – এক সময়ের জরুরি প্রয়োজন, আজ কেবলই একটি স্টাইল স্টেটমেন্ট।