দীর্ঘ দিন কাঁচা মরিচ সতেজ রাখার সহজ কৌশল!

রান্নাঘরের নিত্য প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে কাঁচা মরিচ অন্যতম। মাছ, মাংস, শাক-সবজি থেকে শুরু করে ভর্তা, সালাদ – সব কিছুতেই এর ব্যবহার অপরিহার্য। অনেকেই আবার ভাতের সঙ্গে কাঁচা মরিচ চিবিয়ে খেতে পছন্দ করেন। তবে সমস্যা হলো, কাঁচা মরিচ বেশিদিন সংরক্ষণ করা কঠিন। ফ্রিজে রাখলেও অনেক সময় পচে যায় বা শুকিয়ে যায়। কিছু সহজ কৌশল জানা থাকলে খুব সহজেই কাঁচা মরিচ দীর্ঘদিন সতেজ রাখা সম্ভব।
অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যবহার
কাঁচা মরিচ সংরক্ষণে অ্যালুমিনিয়াম ফয়েল বেশ কার্যকর। যেভাবে টিফিন প্যাক করেন, সেভাবেই বোঁটা ছাড়ানো কাঁচা মরিচ ফয়েল পেপারে ভালোভাবে মুড়িয়ে নিন। দুই প্রান্ত ভালো করে বন্ধ করে ফ্রিজে রেখে দিন। প্রায় ৫ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে একটি বায়ুরোধক পাত্রে ঢুকিয়ে আবার ফ্রিজে রাখুন। এই পদ্ধতিতে রাখলে কাঁচা মরিচ তুলনামূলক দীর্ঘ সময় ভালো থাকবে।
বোঁটা ছিঁড়ে সংরক্ষণ
বাজার থেকে কাঁচা মরিচ এনে সরাসরি ফ্রিজে ঢুকিয়ে রাখবেন না। প্রথমে মরিচের বোঁটাগুলো ছিঁড়ে ফেলুন। এবার একটি এয়ারটাইট বক্সের নিচে নরম কাপড় বিছিয়ে তার উপর মরিচগুলো রাখুন। তারপর বক্সটি অন্য একটি নরম কাপড় দিয়ে ঢেকে ফ্রিজে রাখুন। এই পদ্ধতিতে রাখলে মরিচ সহজে পচবে না এবং ফ্রিজের বাইরেও বেশ কিছুদিন ভালো থাকবে।
জিপলক ব্যাগ ও সংরক্ষণের সময়সীমা
কাঁচা মরিচ সংরক্ষণের আরেকটি ভালো উপায় হলো চেন টানা ছোট জিপলক ব্যাগ ব্যবহার করা। এক্ষেত্রেও প্রথমে মরিচের বোঁটা ছিঁড়ে নিন। এরপর মরিচগুলো ব্যাগে ভরে চেন আটকে ফ্রিজে রাখুন।
তবে, যে পদ্ধতিই অবলম্বন করুন না কেন, মনে রাখবেন, কাঁচা মরিচ দুই সপ্তাহের বেশি সতেজ রাখা কঠিন। তাই একবারে দুই সপ্তাহের জন্য প্রয়োজনীয় কাঁচা মরিচ কেনাই বুদ্ধিমানের কাজ। এর বেশি কিনলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।